'দোয়া পড়ে আল্লাহর হাতে সঁপে দিই ছেলেরে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজ মিয়া একজন উন্নয়ন-কর্মী। তাঁকে নিজ বাড়ি থেকে বাসে বা অটোরিকশায় করে কর্মস্থল পাশের উপজেলা কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যেতে হয়। অবরোধ শুরুর পর সবুজ বাড়ি থেকে বের হওয়ার পর ফিরে না আসা পর্যন্ত পরিবারের সদস্যরা থাকেন উদ্বেগ-উৎকণ্ঠায়। বিশেষ করে তাঁর মা।
কর্মস্থলে যাওয়ার সময় সবুজের মা আবিদা বেগম এগিয়ে এসে ছেলের সামনে দাঁড়ান। তাঁর দুই কাঁধে হাত রেখে দোয়া ইউনুস পড়েন। পরে বুকে ফুঁ দিয়ে ‘সাবধানে যাস বাবা, আল্লাহর নাম স্মরণ রাখিস’ এই উপদেশ দেন। সবুজ জেলার কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের রামদি পূর্ব পাড়ার বাসিন্দা।
আবিদা বেগম বলেন, ‘ছেলে ঘরে ফিরে না আসা পর্যন্ত বুকটা দুরু দুরু করে। না জানি দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে দিল। ওই বাসটির আরোহী কি না আমার ছেলে। টেলিভিশনে পোড়া মানুষ দেখলে চোখ ফিরিয়ে নিই, ওই জায়গায় নিজের ছেলের কথা ভেবে আঁতকে উঠি।’
আবিদার চাওয়া, দেশে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। দুটি প্রধান রাজনৈতিক দলের কর্তাব্যক্তিরা মায়েদের স্বস্তিতে থাকার সুযোগ করে দেবেন।
গতকাল শনিবার ও গত শুক্রবার কুলিয়ারচর ও ভৈরবের অনেক মায়ের সঙ্গে কথা বলে অবরোধ-হরতালকে ঘিরে আবিদার মতোই তাঁদের নানা দুশ্চিন্তার কথা জানা গেছে।
কুলিয়ারচরে গোবরিয়া আবদুল্লাহপুর গ্রামের শুকতারা বেগম। তাঁর দুই ছেলে সিদ্দিক মিয়া ও রোকন মিয়াকে প্রতিদিন কর্মস্থলের উদ্দেশে ঘর থেকে বের হতে হয়। শুকতারা বেগম বলেন, ‘দোয়া ইউনুস পড়ে ছেলেরে আল্লাহর হাতে সঁপে দিই। এ অবস্থায় আল্লাহ ছাড়া ভরসা রাখার আর কেউ নেই।’
শুকতারা বলেন, ‘যাঁরা অবরোধের নামে পেট্রলবোমা মারছেন, যানবাহনে আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছেন তাঁরাও হয়তো কারও বাবা, না হয় মা। নাশকতা চালানোর আগে একটু ভাবুন, আপনার সন্তান আগুনে পুড়লে কী হতো আপনার মনের অবস্থা?’
ভৈরব থেকে সহস্রাধিক মানুষ অবরোধ-হরতালের মধ্যে জীবন বাজি রেখে বাইরের কোনো জেলা বা উপজেলা শহরে কাজে যান। সন্তানদের নিয়ে এখানকার মায়েরাও আছেন দুশ্চিন্তায়।
ভৈরবের পৌর শহর চণ্ডীবের মধ্যপাড়ার সাবিনা বেগম বলেন, ছোট সময় ছেলেকে নিয়ে খুব বেশি ভাবতে হয় নাই। এখন বড় হয়েছে। বিয়ে করেছে। সন্তান হয়েছে। এর পরও ছেলেকে নিয়ে এখন দুশ্চিন্তার শেষ নেই। দুশ্চিন্তার মূল কারণ অবরোধে নাশকতা।
ব্যবসায়ের প্রয়োজনে কবির মিয়াকে সপ্তাহে দুই দিন ঢাকায় যেতে হয়। ভৈরবের কালিপুর মহল্লার শিপা বেগমের তিন ছেলেকে প্রতিদিন এদিক-ওদিক ছুটতে হয়। রাত আটটার আগে বাড়ি ফিরে আসার সুযোগ নেই। সকাল থেকে ফিরে না আসা পর্যন্ত পরিবারের সবার মধ্যে তাঁর উৎকণ্ঠাই যেন একটু বেশি।
শিপা বলেন, পত্রিকা খুললে বা টিভিতে চোখ রাখলে শুধু আগুন আর আগুন। এই আগুন দেখলে কোনো মা কি স্বস্তিতে থাকতে পারে? তিনি জানান, প্রতিদিন নামাজ শেষে হাত তুলে তিনি আল্লাহর কাছে এ অবস্থা থেকে পরিত্রাণ কামনা করেন।
ভৈরব পৌর শহরের কমলপুর মহল্লার রোকসানা বেগম, আসমা বেগম, বাজার এলাকার রোকাইয়া বেগম নামে আরও তিন মা সাধারণ মানুষকে আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষার জন্য দুই দলের নেতাদের প্রতি অনুরোধ জানান।