‘দোয়েল’ নিয়ে প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
প্রথম আলোয় ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ‘ওড়ার আগেই থুবড়ে পড়ল দোয়েল’ শিরোনামের সংবাদের প্রতিবাদ জানিয়েছে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস)। প্রতিবাদপত্রে বলা হয়েছে, সংসদে দেওয়া মন্ত্রীর বক্তব্য বিকৃত করে খবরে লেখা হয়েছে, ‘দোয়েল ল্যাপটপ বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে সরকার।’প্রতিবাদে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট কমিটির মতামতের ভিত্তিতে ১০ হাজার টাকা মূল্যমানের দোয়েল ২১০২ মডেলের নেট বুক সংযোজন ও বাজারজাতকরণের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।’ এতে বলা হয়েছে, ‘দোয়েলের চার ধরনের মডেলের মধ্যে প্রাইমারি মডেলের উৎপাদন বন্ধ। অন্য তিনটির পর্যায়ক্রমিক উৎপাদন চলছে। উল্লেখ্য, ২০১২ সালে এক লাখ দোয়েল ল্যাপটপ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার জন্য চলতি মূলধন সংগ্রহের চেষ্টা চলছে।’প্রতিবাদে জানানো হয়, বিভিন্ন মডেলের প্রায় পাঁচ হাজার দোয়েল ল্যাপটপ বিক্রির জন্য মজুদ রয়েছে। এগুলো টেশিসের ফ্যাক্টরি গেট থেকে জনসাধারণের জন্য বিক্রি হচ্ছে। আগামী সপ্তাহে রমনা বিটিসিএল ক্যাম্পাসে অবস্থিত টেশিস বিক্রয়কেন্দ্র থেকেও দোয়েল ল্যাপটপ বিক্রি শুরু হবে।প্রতিবেদকের কথা: প্রকাশিত প্রতিবেদনের কোথাও বলা হয়নি দোয়েল ল্যাপটপ বিক্রি বন্ধ বা মন্ত্রী এমন কোনো কথা বলেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ‘দোয়েল ল্যাপটপ উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে সরকার।’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রথম আলোকে বলেছিলেন, নয় সদস্যের জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ‘উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ রাখা হয়েছে।’ প্রতিবেদনে সে কথাই বলা হয়েছে। টেশিস ল্যাপটপ উৎপাদনের জন্য তহবিল সংগ্রহের চেষ্টা চলছে বলে প্রতিবাদপত্রে জানিয়েছে। প্রতিবেদনে একই কথা বলা হয়েছে। টেশিস সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ‘টেশিস সূত্র জানায়, আপাতত ঘূর্ণায়মান চলতি মূলধন (রিভলভিং ওয়ার্কিং ক্যাপিটাল) হিসাবে ৫০ কোটি টাকা প্রয়োজন। এ টাকা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ধার নেওয়ার জন্য চিন্তা করছে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।’প্রকাশিত প্রতিবেদনের মূল বিষয়বস্তু ছিল দোয়েলের উৎপাদন। বিক্রি নিয়ে কিছু বলা হয়নি। এ বিষয়ে কোনো ধরনের বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে চাওয়াও হয়নি।