‘দৌড়াদৌড়ির স্কুল’
ক্লাস শুরুর আগে পর্যন্ত কেউ জানে না কোথায় ক্লাস হবে—ফাটলধরা ঝুঁকিপূর্ণ ভবনের জরাজীর্ণ বারান্দায়, চৈত্রের দাবদাহ উপেক্ষা করে সামনের মাঠে, নাকি পাশের দাখিল মাদ্রাসার শ্রেণীকক্ষে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিদিনের চিত্র এটি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৪১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি পাকা ভবন পায় ১৯৬১ সালে। এরপর সংস্কার না হওয়ায় বর্তমানে ভবনের ছাদসহ বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। এরই মধ্যে পলেস্তারা খসে পড়ে কয়েকজন শিক্ষার্থীসহ দুজন শিক্ষক আহত হয়েছেন।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুবকর সিদ্দিক জানান, বিদ্যালয়টির ফলাফল ভালো। ২০০৮ সালে ফলাফলের দিক থেকে এটি উপজেলায় সেরা বিদ্যালয় বিবেচিত হয়েছিল। খসে পড়া পলেস্তারার আঘাতে আহত পঞ্চম শ্রেণীর ছাত্রী নিশির বাবা আবদুল মতিন জানান, দুর্ঘটনার ভয়ে অনেক অভিভাবক ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠাতে চান না।পঞ্চম শ্রেণীর ছাত্র সাজ্জাদ হোসেন বলে, ‘কোন দিন কোথায় ক্লাস করমু, তা আমরা নিজেরাও জানি না।’ বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন জানান, ছাদের পলেস্তারা খসে পড়ে শিক্ষক ও শিক্ষার্থী আহত হওয়ার পর থেকেই ভয়ে ভবনের ভেতরে কেউ ক্লাস করতে চায় না। বৃষ্টির সময় ফাটল ধরা বারান্দায়, আবহাওয়া ভালো থাকলে পাশের মাঠে এবং সুযোগ পেলে পাশের মাদ্রাসার কক্ষে চলে ক্লাস। ভাটেরচর গ্রামের রুস্তম আলী (৫৬) বলেন, রোদ-বৃষ্টির সময় ছাত্রছাত্রীরা দৌড়াদৌড়ি করে ভিন্ন জায়গায় ক্লাস করে বলে স্থানীয় মানুষ এটাকে দৌড়াদৌড়ির স্কুল বলে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অমিতাভ দেবনাথ জানান, বিদ্যালয়ের সার্বিক বিষয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আল এমরান বলেন, বিদ্যালয়টির মেরামত বাবদ ২০ হাজার টাকার বরাদ্দ ফেরত দেওয়া হয়েছে। কারণ, ভবনটি মেরামত বা সংস্কারের উপযোগী নয়, তাই এটা পুনর্নির্মাণ করতে হবে। এ জন্য বাজেট চাওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ আহমেদ জানান, যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যালয় ভবনটির পুনর্নির্মাণের জন্য বরাদ্দ পাওয়ার চেষ্টা করা হচ্ছে।