'দ্বিতীয় বিয়ে কখনো না, প্রথম বিয়েই সুখের ঠিকানা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘জীবনে দ্বিতীয় বিয়ে কখনো না, প্রথম বিয়েই সুখের ঠিকানা’—এমন স্লোগান সামনে রেখে নারী নির্যাতন প্রতিরোধ ও সংসারে সুখ-শান্তি প্রতিষ্ঠায় শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে দম্পতি মেলা। আজ রোববার ব্যতিক্রম এ অনুষ্ঠানের আয়োজন করে উইমেন অ্যান্ড চাইল্ড সেন্টার ও কমিউনিটি পুলিশিং ফোরাম। পুলিশ লাইনস মাঠে দিনব্যাপী এ মেলায় অন্তত দুই হাজার দম্পতি অংশ নেয়।

.
.

সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সাংসদ বিএম মোজাম্মেল হক। দিনব্যাপী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে দম্পতিরা। মাতিয়ে রাখেন মেলা প্রাঙ্গণ। এ ছাড়াও ছিল শিশুদের জন্য নাগরদোলা, সাপের খেলা, বানরের খেলা এবং জাদু প্রদর্শনী।

.
.

সন্ধ্যায় সুখী দম্পতিদের মাঝে পুরস্কার বিতরণ করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক, সাংসদ নাভানা আক্তার এবং পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

.
.

পারিবারিক জীবনে কলহ-অশান্তি দূর করে সুখী দাম্পত্য জীবনকে উৎসাহিত করার লক্ষ্যে এমন আয়োজন করা হয়েছে বলে জানালেন শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুন। তিনি প্রথম আলোকে বলেন, প্রেমের অনবদ্য পঙতিমালায় রচিত হোক দাম্পত্য জীবনের অলিখিত সুখ—এ প্রতিপাদ্য নিয়েই দম্পতি মেলা। একজন মানুষ যদি দাম্পত্য জীবনে সুখী থাকে তাহলে সমাজে বিশৃঙ্খলা-নৈরাজ্য কমে আসবে। পারিবারিক অশান্তি থেকে অনেক বড় ধরনের অপরাধ সংগঠিত হয়। আমরা সবাই চেষ্টা করে যদি পারিবারিক শান্তি প্রতিষ্ঠা করতে পারি—তাহলে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে।

.
.

মেলার আগে এক হাজার শব্দের মধ্যে ‘সুখী দাম্পত্য জীবন গল্প’ শিরোনামে জীবনের গল্প লিখে জমা নেওয়া হয়েছে। ২৫ বছর থেকে ৩৫ বছর, ৩৬ থেকে ৫০ এবং ৫১ থেকে তদূর্ধ্ব বয়সের দম্পতিরা ওই তিন ক্যাটাগরিতে গল্প জমা দেন। তাঁদের মধ্য থেকে ১০ জন সুখী দম্পতিকে সম্মাননা স্মারক ও সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ছাড়া লটারির মাধ্যমে ৫০ জন দম্পতিকে পুরস্কার দেওয়া হয়েছে।

.
.

সম্মাননা স্মারক ও সংবর্ধনা পাওয়া শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মাছুয়াখালী গ্রামের শারমিনা ইয়াসমিন ও জিএম শফিকুল ইসলাম দম্পতি ২০০৪ সালে দাম্পত্য জীবন শুরু করেন। স্বামী-স্ত্রী মিলে গবাদিপশু ও হাসমুরগির খামার করেন তাঁরা। ২০০৭ সালে সিডরে সেই খামার ক্ষতিগ্রস্ত হয়। ঋণগ্রস্ত হয়ে পরেন এই দম্পতি। শুরু হয় অশান্তি। ঋণের চাপ ও সংসারের ঝামেলায় দিশেহারা হয়ে পরেন তাঁরা। সন্তানসহ আত্মহত্যার সিদ্ধান্ত নেন তাঁরা। পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন। দুজনে এক সঙ্গে সংগ্রাম করে বাঁচার সিদ্ধান্ত নেন। নতুন করে সংগ্রাম শুরু করেন তাঁরা। পরস্পরের প্রতি ভালোবাসা আর আস্থায় সফল হন তাঁরা। বর্তমানে তাঁদের একটি বিউটি পারলার, একটি পোশাক ও হস্তশিল্প তৈরির কারখানা রয়েছে। এই দম্পতি তাঁদের জীবনের এই গল্প লিখে জমা দিয়েছিলেন।

শারমিনা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘুরে দাঁড়িয়েছি। স্বাবলম্বী হয়ে সম্মানের সঙ্গে বেঁচে আছি। আল্লাহ যেন বাকি জীবন আমাদের দাম্পত্য সুখে রাখেন।’