‘দ্বিদলীয় মেরুকরণের বাইরে বিকল্প শক্তি গড়ুন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজনীতিতে দ্বিদলীয় মেরুকরণ চলছে। এক দল ক্ষমতায় গেলে ক্ষমতার বাইরে থাকা দল বিরোধিতা শুরু করে। দুটি দলের তৎপরতা শুধু ক্ষমতায় যাওয়া নিয়ে। বিকল্প রাজনৈতিক সংগঠন শক্তিশালী না হওয়ায় সংকট কাটছে না। দ্বিদলীয় মেরুকরণের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ুন।’ এ আহ্বানের মধ্য দিয়ে গতকাল শনিবার সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনে প্রয়াত দুই গণসংগীতশিল্পী ভবতোষ-অমিতাভের নামে উদ্বোধনী মঞ্চ স্থাপন করে সকালে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নগরে একটি শোভাযাত্রা শেষে সম্মেলনস্থলে মিলিত হন নেতা-কর্মীরা। সম্মেলনের শুরুতে প্রবীণ দুই বামপন্থী রাজনীতিবিদ কমরেড বাদল কর ও মুক্তিযোদ্ধা প্রণঞ্জয় চক্রবর্তীকে সম্মাননা দেওয়া হয়। দলের জেলা সভাপতি বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড সাজ্জাদ জহির। প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় কমিটির সংগঠক কমরেড জলি তালুকদার বক্তব্য দেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনায়েত হাসানের স্বাগত বক্তব্যের পর সিপিবির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ মুনির হেলাল, তপন চৌধুরী, ছাত্রনেতা মো. মতিউর রহমান ও গোলাম রাব্বী চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন। প্রধান অতিথি দ্বিদলীয় মেরুকরণ ভাঙতে গণমানুষের ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ক্ষমতায় যাওয়ার লড়াইয়ে দুটি রাজনৈতিক দলের নিয়ন্ত্রক হয়ে পড়ছেন ধনিক ও কালোটাকার মালিকেরা। সাংসদেরা তাঁদের বেতন বাড়ানোর জন্য আন্দোলন করে দাবি আদায় করেন। কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের দাবি নিয়ে কেউ কথা বলে না। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবিদাওয়া নিয়ে কথা বলারও কেউ নেই। এ জন্য দ্বিদলীয় মেরুকরণ ভাঙতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মেলন শেষে বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। জেলার বিভিন্ন উপজেলা কমিটির কাউন্সিলররা অধিবেশনে যোগ দেন।সন্ধ্যায় কাউন্সিল শেষে বেদানন্দ ভট্টাচার্যকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।