‘দ্যাশটা শেষ অই গেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দ্যাশটা শেষ অই গেছে। তাঁরা-তাঁরা রাজনীতি করে আর জনগণ বলির পাঁঠা। মানুষের দুর্ভোগের নামই যদি রাজনীতি হয়, তাইলে এই রাজনীতি আমরা চাই না। বিরোধী দলগুলোর অবরোধ-হরতাল আর সরকারি দলের সন্ত্রাসীদের লাগামহীন দাপটে দ্যাশটা দিনদিন গোল্লায় যাচ্ছে।’ এভাবেই নিজের অভিব্যক্তি জানালেন সিলেট নগরের বন্দরবাজার এলাকার ব্যবসায়ী মকদ্দস আলম। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট নগর ও শহরতলির প্রায় অর্ধশতাধিক মানুষের সঙ্গে কথা হয়। তাঁরা প্রায় অভিন্ন সুরে জানান, প্রতিটি রাজনৈতিক দলকে জ্বালাও-পোড়াও রাজনীতি পরিহার করে শান্তিশৃঙ্খলার সঙ্গে জনবান্ধব রাজনীতি করা উচিত। শাহপরান গেট এলাকার ওষুধ ব্যবসায়ী প্রদীপ দেবনাথ বলেন, ‘অবরোধের দিন ঢাকায় বিশ্বজিৎ নামের নিরীহ একটি ছেলেকে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। পত্রপত্রিকা এবং টিভি চ্যানেলের সুবাদে হত্যাকারীদের পরিচয় জানা গেছে। অথচ পুলিশ বলছে, হত্যাকারীরা অজ্ঞাতনামা। কী সেলুকাস এই দেশ!’ সালেহ উদ্দিন নগরের ধোপাদীঘিরপার এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, ‘আমার বাসা শহরতলির বাহুবল এলাকায়। অটোরিকশাযোগে অফিসে আসতে আমাকে ১৫ টাকা খরচ করতে হয়। অথচ হরতাল থাকায় প্রথমে ৪০ টাকা দিয়ে টিলাগড়, পরে ২০ টাকা দিয়ে শিবগঞ্জ পয়েন্ট এবং আরও ৩৫ টাকা দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হয়েছে। আমার মতো, আরও অনেকেই ভুক্তভোগী। তাহলে হরতাল দিয়ে জনগণের লাভ হয় কই?’ দুপুরে ব্রহ্মময়ীবাজার এলাকায় সবজি কিনতে আসেন ছড়ারপার এলাকার মতলব আলী। তিনি বলেন, ‘এক দিন আগে যে শাকের আঁটি ২০ টাকায় কিনেছি, আজ কিনতে হচ্ছে ৪০ টাকায়। হরতালে সরবরাহ না থাকার অজুহাতে বিক্রেতারা দাম দ্বিগুণ বাড়িয়েছেন।’ চল্লিশোর্ধ্ব রিকশাচালক শাহীন মিয়া বলেন, ‘পেটের দায়ে বাইর হইছি। রিকশা চালাই, আর ডর ডর লাগে। মন অয়—এই বুঝি আমার রিকশাটা পিকেটাররা ভাইঙা ফালাইল।’‘পর্যাপ্ত যানবাহন না চলাচল করায় বাসা থেকে প্রায় ঘণ্টা খানেক হেঁটে স্কুলে এসেছি। হাঁটার সময় সারাক্ষণ আতঙ্কে ছিলাম’ বলেন স্কুলশিক্ষক তজম্মিল মিয়া। লামাবাজার এলাকার বাসিন্দা মইনউদ্দিন বলেন, ‘হরতাল-অবরোধ করা হচ্ছে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। সরকারের কঠোরভাবে তা মোকাবিলা করা উচিত।’ বিলপার এলাকার বাসিন্দা শাহীনুল হক বলেন, ‘বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য সরকার ফ্যাসিবাদী আচরণ শুরু করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা ঠিক হয়নি।’ নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক আইনজীবী সমরবিজয় সী শেখর প্রথম আলোকে বলেন, ‘আমরা এ দেশে সুস্থ ও গণতান্ত্রিক রাজনীতির চর্চা দেখতে চাই। তাই রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি পালনে সতর্ক থাকা উচিত।’