'দ্যাশোত কী হইচে বাহে?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহ আগেও রংপুরের বদরগঞ্জে মণপ্রতি ধান (২৮ কেজি) বিক্রি হয়েছে ৫৩০ থেকে ৫৫০ টাকায়। চার বছর পর ধানের ভালো দাম পেয়ে কৃষকের মুখে ফুটেছিল হাসি। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতাল-অবরোধের কারণে প্রতি মণ ধানের দাম ১০০-১২০ টাকা কমে যাওয়ায় তাঁদের হাসি মুছে গেছে।
এদিকে হরতাল-অবরোধের কারণে ব্যবসায়ীরা ধান কেনা বাদ দেওয়ায় কৃষকেরা হতাশ হয়ে পড়েছেন। অনেক কৃষক বাজারে ধান এনে বাধ্য হয়েই কম দরে বিক্রি করছেন। আবার অনেকে সঠিক দাম না পেয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন।
রামনাথপুর ইউনিয়নের কিসমত ঘাটাবিল গ্রামের কৃষক জয়নাল আবেদীন সোমবার বদরগঞ্জ বাজারে ১০ মণ ধান বিক্রি করতে এনে দাম দেখে ফিরিয়ে নিয়ে গেছেন। এ সময় তিনি বলেন, ‘দ্যাশোত কী হইচে বাহে? এই হরতাল-অবরোধ আর কত দিন চলবে? হামরা কি মরমো?’
বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের কৃষক নুর আলম সিদ্দিক সোমবার সকালে পাঁচ মণ ধান নিয়ে বদরগঞ্জ পৌর বাজারে যান। তিনি ধান বিক্রি করে বীজআলু কিনবেন। কিন্তু ধানের দাম কম। পরে নিরুপায় হয়েই ৪৪০ টাকা মণ দরে তা বিক্রি করেন। এ সময় তিনি বলেন, ‘বাহে কদিন আগোত ধানে দাম পাইনো। এখন দ্যাশোত ওঁরায় ওঁরায় (হাসিনা-খালেদা) হুড়াহুড়ি নাগাইল, আর হামার ধানের দাম কমি গ্যাল।’
আমরুলবাড়ি গ্রামের কৃষক আবু তালেব বলেন, ‘ওরা (আওয়ামী লীগ-বিএনপি) ক্ষমতায় আসার জন্য হুড়াহুড়ি করোছে। কিন্তু হামার কেষকের কথা একবারও ভাবোচে না? হামরা যদি ধান আবাদ করি দাম না পাই, তাহলে ছইলপইল (ছেলেমেয়ে) নিয়া বাঁচমো কীভাবে?’
লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি গ্রামের কৃষক ডলু শাহ বলেন, ‘হরতাল-অবরোধের অজুহাত দিয়ে ব্যবসায়ীরা ধান কেনা বাদ দিয়েছে।’ পৌর বাজারের ধান ব্যবসায়ী নিখিল চন্দ্র বলেন, ‘এক সপ্তাহ ধরে ব্যাংক থেকে টাকা তুলতে পারছি না। এ কারণে ধান কেনা যাচ্ছে না।’
উপজেলা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, হরতাল-অবরোধের কারণে রংপুর থেকে টাকা আনা সম্ভব হচ্ছেনা।