‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষ আর সইতে পারছে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কেন্দ্রস্থলের চোহাট্টা মোড়। চার সড়কের এই মিলন মোড়ের পশ্চিমে জনসভাস্থল আলিয়া মাদ্রাসা ময়দান। গতকাল মঙ্গলবার দুপুরে জনসভামঞ্চে বিএনপির স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছিলেন।চৌহাট্টা মোড়ে স্থাপন করা প্রক্ষেপণ (প্রজেকশন) পর্দায় দেখা যাচ্ছিল পুরো মঞ্চ ভাসমান। সেখানে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে বক্তৃতা শুনছিলেন সিলেটের কোম্পানীগঞ্জের স্কুলশিক্ষক আমিরুল হক। দুপুরের রোদ আর ঘামে ভিজে অনেকটা জবুথবু আমিরুল বলেন, ‘কোনো হাল্লাগোল্লা নাই। শান্তি শান্তি লাগে দেইখা আছি!’একজন আমিরুলের বলা এ রকম ‘শান্তি শান্তি লাগে’ ভাব ছিল গতকাল সিলেটে চার দলের রোডমার্চ-পরবর্তী জনসভার সারাটা দিন। সিলেট স্যাটেলাইট কেব্ল সিস্টেম লিমিটেডের চেয়ারম্যান ও নগর বিএনপির যুগ্ম সম্পাদক জিয়াউল গণি আরেফিন প্রথম আলোকে বলেন, ‘জনসভার বাইরে পুরো জনসভামঞ্চ বড় পর্দায় প্রদর্শনের প্রজেকশন-ব্যবস্থা ছিল সিলেটে প্রথম। শান্তিপূর্ণ পরিবেশ থাকায় বাইরে থাকা মানুষজনকে আগ্রহভরে বড় পর্দায় জনসভার বক্তব্য শুনতে দেখা গেছে।’সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনসভাস্থল থেকে শুরু করে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এক হাজারের ওপর পুলিশ মোতায়েন ছিল। কোনো নৈরাজ্যকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, এ জন্য ভ্রাম্যমাণ একটি দলও সক্রিয় ছিল।’ শান্তিপূর্ণ এ পরিবেশের পেছনে পুলিশের সক্রিয়তা অন্যতম বলে তিনি মনে করেন।গতকাল জনসভার আগে ও পরের অবস্থা পর্যবেক্ষণ করে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক থাকা আর বিএনপিসহ চার দলের নেতা-কর্মীরা সহনশীল আচরণ করায় জনসভায় মানুষের ঢল নামে। পাশাপাশি আকৃষ্ট করেছে জনসভার বাইরে বড় পর্দায় জনসভামঞ্চ প্রদর্শনের ব্যবস্থা।জনসভা ও চার দলের রোডমার্চে উল্লেখযোগ্য হারে দেখা গেছে গ্রামের মানুষজনকে। কেন এসেছেন—এমন প্রশ্নে তাঁদের অনেককেই ক্ষোভ প্রকাশ করতে শোনা যায়। সিলেটের একটি বেসরকারি সংস্থায় কর্মরত নোমান আহমদ বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষ আর সইতে পারছে না।’জনসভাস্থলের পেছনে রিকাবীবাজার মোড়ে অবস্থান নেওয়া নগরে আগন্তুকের মতো থাকা একটি দলের সঙ্গে কথা হয়। সিলেটের সীমান্ত উপজেলা গোয়াইনঘাটের জৈন্তাপুর থেকে জনসভায় আসা এই দলের প্রবীণ সদস্য রুবেল আহমদ বলেন, তাঁরা একটি বাস নিয়ে এসেছেন। তাঁদের এই বাসযাত্রায় বিএনপি বা চার দল ছাড়াও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নেই—এমন মানুষও রয়েছেন। কারণ হিসেবে রুবেল বলেন, ‘সীমান্ত এলাকায় সম্প্রতি ভূমি জরিপের নামে বাংলাদেশি অনেকের জমি হাতছাড়া হওয়ার অবস্থা দেখা দিয়েছে। এ বিষয়ে নেত্রী (খালেদা জিয়া) কী বলেন, তা শোনার আগ্রহ নিয়ে অনেকেই এসেছেন।’ আলিয়া মাদ্রাসা ময়দানে জনসভা শুরু হয় বেলা দুইটা থেকে। সকাল সাতটা থেকে জনসভামুখী খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে। এ সময় নগরের ব্যস্ত সড়কগুলো অনেকটা পায়ে হাঁটাপথে রূপ লাভ করে। তবে রোডমার্চে ব্যবহূত গাড়িগুলোর জন্য নির্ধারিত স্থান সিলেট এমসি কলেজ মাঠ রাখা হলেও অধিকাংশ যানবাহন নগরের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। এ জন্য আম্বরখানা থেকে বন্দরবাজার মোড়ের মূল সড়ক ছাড়া অন্য সড়কগুলোতে যানজট ছিল সারা বেলা। ওই সব সড়ক দিয়ে গতকাল সারা দিন একটি মোটরসাইকেল নিয়ে চলাচল করতে ঘণ্টার বেশি সময় লেগেছে বলে জানান ওষুধ কোম্পানির প্রতিনিধি সৌরভ দাস। এ ব্যাপারে সিলেট ট্রাফিক পুলিশের সার্জেন্ট শাহরিয়ার চৌধুরী বলেন, ‘জনসভার আশপাশ যাতে যানবাহনের কারণে কোনো সমস্যার সৃষ্টি না হয়, সে জন্য যান চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে। এ কারণে ওই সব সড়কে চলাচলকারী যানবাহন গিয়ে অন্য সড়ক দিয়ে যাওয়ায় এ রকম কিছু সমস্যা হয়েছে। তবে তা সহনীয় পর্যায়ে রাখতে ট্রাফিক সচেষ্ট ছিল।’