‘দ্রুত ইনজেকশন দেওয়ায় ইমা মারা যায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝাড়ুদারের দেওয়া ইনজেকশনে স্কুলছাত্রী ইমা আক্তারের (৯) মৃত্যুর প্রতিবাদ এবং দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল রোববার শোক র‌্যালি করেছেন এলাকাবাসী। চিকিৎসকদের ধারণা, ঝাড়ুদার রাফিজা আক্তার দ্রুত ইমার শরীরে ইনজেকশন দেওয়ায় পার্শ্বপ্রতিক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে শুক্রবার দিবাগত রাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী ইমার মৃত্যু হয়।তদন্ত কমিটি গতকাল ইমার ভর্তি রেজিস্টার, হাসপাতালের রোগী রেজিস্টার, ব্যবস্থাপত্রসহ অন্যান্য কাগজ জব্দ করেছে। শোক র‌্যালিটি গতকাল সরকারি গুরুদয়াল কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে হাসপাতালের সামনে এসে শেষ হয়। এ সময় ইমার স্বজনসহ অন্যরা হুমকি দেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মেডিসিন বিশেষজ্ঞ নাজমুল হুদা ও চিকিৎসক আজহারুল ইসলামসহ একাধিক চিকিৎসক জানান, অ্যান্টিবায়োটিক ফুরোসেফ (রেনেটা কোম্পানি) ইনজেকশন দেওয়ার পরই ইমার মৃত্যু হয়। এই ইনজেকশন দ্রুত দিলে হঠাৎ করে রক্তের ঘনত্ব বেড়ে যেতে পারে। এ কারণে রক্তের ঘনত্ব কমানোর জন্য খুব আস্তে আস্তে ইনজেকশনটি দিতে হয়। তা না হলে রক্তের ঘনত্ব বেড়ে গিয়ে খিঁচুনি হতে পারে—এমনকি হূৎপিণ্ড, কিডনি ও মস্তিষ্কে আঘাত হানতে পারে। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের অ্যালার্জি বেড়ে যেতে পারে। এ ক্ষেত্রে রোগীর মস্তিষ্ক, হূৎপিণ্ড ও কিডনি বিকল হয়ে মৃত্যু হতে পারে। ইমার ক্ষেত্রে কার্যত কী হয়েছিল, তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, ইমাকে ঝাড়ুদার রাফিজা দ্রুত ইনজেকশন দেওয়ায় পার্শ্বপ্রতিক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।কিশোরগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি মায়া ভৌমিক জানান, ইমার মৃত্যু হাসপাতালের অব্যবস্থাপনা ও কর্মরত চিকিৎসকদের দায়িত্বহীনতারই বহিঃপ্রকাশ। এটা হত্যাকাণ্ড, এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।সংস্কৃতিকর্মী মারুফ আহমেদ জানান, চিকিৎসক হাবিবুর রহমান ইমাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত দেওয়ার পর রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে না দিয়ে তিনিই একটি বেসরকারি ক্লিনিকে তার অস্ত্রোপচার করেন। শুধু টাকার জন্য তিনি এটা করেছেন। তাঁর বিরুদ্ধে হাসপাতাল থেকে রোগী ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের।কাতিয়ারচর ইমাদের বাড়িতে গিয়ে দেখা যায়, ইমাকে হারিয়ে মা রেখা আক্তার এখনো অচেতন। ইমার কাঠমিস্ত্রি বাবা জালাল মিয়া মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ। কিশোরগঞ্জের সিভিল সার্জন হুসাইন সারোয়ার খান জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন পাওয়ার পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, হাসপাতাল ও সম্ভাব্য স্থানে আসামিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। সবাই পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।