'দ্রুত যেতে চাইলে হেঁটে যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ রেলগেট থেকে শান্তিনগর পর্যন্ত হাঁটাপথে ১০ মিনিট লাগে, আর বাসে গেলে লাগে এক ঘণ্টা। বৃষ্টি হলে তো কথাই নেই। পানি সরে না সহজে। যানজট পড়লে এ সময় এ পথ দিয়ে হাঁটাও যায় না। কথাগুলো বলছিলেন এ পথে নিয়মিত যাতায়াতকারী বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী সেলিম আহসান। তিনি বলেন, দ্রুত যেতে চাইলে হেঁটে যান
মালিবাগ রেলগেট থেকে মৌচাক হয়ে শান্তিনগর বা মগবাজারের পথে নিয়মিত চলাচল করেন চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী, দিনমজুরসহ সব শ্রেণি-পেশার মানুষ। এ পথে চলাচলকারীরা বলেন, ২০১৩ সালে এ পথে উড়ালসড়কের কাজ শুরু হলে ভোগান্তি চরমে ওঠে। কাজ শেষ হওয়ার নির্ধারিত সময় শেষে আবার সময় বাড়ানোয় মানুষের ভোগান্তি বেড়েছে।
সরেজমিনে দেখা যায়, মালিবাগ রেলগেট মোড়ে বড় বড় গর্তে অস্থায়ীভাবে ইট বিছানো হয়েছে। বাস চলছে ডান-বাঁয়ে হেলেদুলে। ছুটির দিন বাদে সব দিনই মৌচাকের পথে যানজটের কারণে প্রায় বন্ধ থাকা রাস্তার প্রভাব পড়ে এ পথে। আরও আছে রেলের সিগন্যাল। এ কারণে দেখা গেছে, যাত্রাবাড়ীগামী তুরাগ পরিবহনের বাসগুলো মালিবাগ মোড়ে না এসে বিকল্প হিসেবে চৌধুরীপাড়া হয়ে যাতায়াত করছে।
কলেজশিক্ষার্থী ফারহানা ইসলাম গোলাপবাগ যাবেন বলে তুরাগে উঠেছেন। তিনি প্রথম আলোকে বলেন, এক বছর আগেও বাসা থেকে কলেজে যেতে লাগত ৪০ মিনিট। এখন প্রায় দুই ঘণ্টা লেগে যায়।
মৌচাক থেকে মালিবাগ শান্তিনগরের দিকের রাস্তায় গিয়ে দেখা যায়, উড়ালসড়কের কাজের জন্য রাস্তায় পানি জমে আছে। বাসগুলো খুব ধীরে ধীরে ঝুঁকি নিয়ে চলছে। রাস্তার প্রায় সব জায়গাতেই রড, সিমেন্টের পিলারসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে। ফলে রাস্তার দুই পাশে কমে গেছে জায়গা।
রামপুরার আফতাবনগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদি মৌচাক মার্কেটের উল্টো দিকে অপেক্ষা করছেন বাসের জন্য, যাবেন কমলাপুর। তাঁর বাসা এজিবি কলোনিতে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শেষে এ পর্যন্ত এসে আবার আরেকটি বাসে উঠবেন, কিন্তু অনেকক্ষণ হলো বাস আসছে না। রোজায় প্রথম দিকে কমলাপুরের ব্রিজ দিয়ে যাতায়াত করতেন। কিন্তু এখন রোজা রেখে ওই পথে চলাচল করতে কষ্ট হয়, তাই মৌচাকের পথ দিয়ে যাতায়াত করছেন। আর তাঁর পক্ষে নিয়মিত রিকশায় যাতায়াত করার মতো সামর্থ্য নেই।
মৌচাক মোড়ে গাড়ি চলাচলের ব্যবস্থাপনা না থাকায় এ পথে যানজট ছাড়াতে আরও সমস্যা হয়, বললেন সাব্বির। তিনি মালিবাগে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করতে এসেছেন। তিনি আরও বলেন, ‘দেখেন, রাস্তায় মানুষও পার হচ্ছে, গাড়িও চলছে। কখন দুর্ঘটনা ঘটে ঠিক নেই। কোনো ট্রাফিক পুলিশকে দেখছি না।’
মৌচাক মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করছিলেন আবদুর রহিম। তিনি বলেন, এ মোড়ে অন্তত ছয়জন ট্রাফিক পুলিশ দরকার। কিন্তু আছেন তিনজন। ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত (এক শিফটে) তাঁদের রোজা রেখে কাজ করতে হচ্ছে। ক্লান্ত হয়ে যাচ্ছেন বলে কিছুক্ষণ পুলিশ বুথে গিয়ে বিশ্রাম নিয়ে আসেন।
এ মোড়ে দায়িত্ব পালন করছেন সাব-ইন্সপেক্টর মাহবুব। তিনি বললেন, ‘আমরা সাধ্যমতো চেষ্টা করছি যাতে যানজট না লেগে থাকে। কিন্তু উড়ালসড়কের কাজের জন্য রাস্তার অবস্থা খারাপ। তাই গাড়ির জট লেগেই থাকে।’ মোড়ের বড় বড় কয়েকটি ক্রেন দেখিয়ে তিনি বলেন, এগুলো উড়ালসড়কের কাজ শেষ না হওয়া পর্যন্ত বিভিন্ন পয়েন্টে থাকবে। যানজটও সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না।
মৌচাক-মালিবাগের ৮ দশমিক ২৫ কিলোমিটার দৈর্ঘ্যের উড়ালসড়কের কাজ শেষ হওয়ার সময় বাড়ানো হয়েছে এ বছরের ডিসেম্বর পর্যন্ত। বাংলামোটরের যাত্রী আঁখি বলেন, ‘যাতায়াতে কষ্ট করেই ছাত্রী পড়াতে যাই সিদ্ধেশ্বরীতে। কবে এই উড়ালসড়কের কাজ শেষ হবে, কবে কষ্ট দূর হবে, সেই অপেক্ষায় আছি।’