দুই দিন ধরে নিউমার্কেট-হাটহাজারী দ্রুতযান বাস চলাচল বন্ধ রয়েছে। লাইনম্যানকে মারধরের জেরে গত বৃহস্পতিবার থেকে তাঁরা বাস চলাচল বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা। তিন থেকে চারটি গাড়ি পাল্টে যাত্রীদের আসা যাওয়া করতে হচ্ছে।
গত বুধবার রাতে নিউমার্কেট থেকে ছেড়ে যাওয়া একটি বাসে অতিরিক্ত যাত্রী ওঠার কারণে চালক ও তাঁর সহকারীর সঙ্গে যাত্রীদের কথা-কাটাকাটি হয়। বাসটি হাটহাজারী বাসস্ট্যান্ডে পৌঁছালে যাত্রীরা মিলে লাইনম্যান কার্যালয়ে হামলা ও মারধর করে বলে অভিযোগ উঠেছে। হামলায় দুজন পরিবহন শ্রমিক আহত হন। তাঁরা হলেন মোহাম্মদ আরমান (২৪) ও মোহাম্মদ আজিজ (২৫)। এদের মধে৵ আরমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনার দিন রাতে পরিবহন শ্রমিকেরা ১০ মিনিট সড়ক অবরোধ করেন। পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।
চট্টগ্রাম জেলা বাস মিনিবাস যানবাহন শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন গতকাল প্রথম আলোকে বলেন, লাইনম্যান কার্যালয়ে হামলাকারী দুজনের নাম হাটহাজারী থানার ওসিকে দিলেও কাউকে আটক না করায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
তবে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাংগীর বলেন, গত বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের প্রতিনিধিরা দুদিনের সময় নিয়েছেন। পুলিশকে কারও নাম দেওয়া হয়নি। বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
নিউমার্কেট-হাটহাজারী রুটের একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, দ্রুতযান বাস সার্ভিস বন্ধ থাকায় তাদের তিন থেকে চারটি গাড়ি পাল্টে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। এতে সময় ও বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে।