কক্সবাজার বিমানবন্দরে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ছাত্রলীগের এক সংবর্ধনা সভায় সদ্য কারামুক্ত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ আবদুর রহমান বদি বলেন, ‘মামলা করে আমাকে কারাগারে পাঠানোর জন্য আমি দুদক (দুর্নীতি দমন কমিশন) চেয়ারম্যানকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। কারণ, কারাগারে পাঠানোর পর এলাকায় আমার জনপ্রিয়তা আরও বেড়েছে। উখিয়া-টেকনাফের দ্বিধাবিভক্ত আওয়ামী লীগের নেতা-কর্মীরাও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে পেরেছে। আর সাংবাদিকদের প্রতি স্যালুট আর কৃতজ্ঞতা। কারণ, তাঁরা আমাকে সারা দেশে ব্যাপকভাবে পরিচিত করে দিয়েছেন।’
জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন কক্সবাজার-২ আসনের দলীয় সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান প্রমুখ। এরপর চার শতাধিক গাড়ির বহর নিয়ে সাংসদ বদি নিজ গ্রাম টেকনাফের উদ্দেশে রওনা দেন। তাঁকে বরণ করে নিয়ে তাঁর সমর্থকেরা উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার সড়কে তিন শতাধিক তোরণ নির্মাণ করেন।
দুপুর সাড়ে ১২টার দিকে সড়কের মরিচ্যা এলাকায় আরেক সংবর্ধনার জবাবে সাংসদ বদি বলেন, ‘একজন এমপিকে কারাগারে পাঠানোর ঘটনা প্রমাণ করে দেশে আইনের শাসন আছে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে।’
এই সভাতেও তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা এবং স্যালুট জানান।
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিল উদ্দিন চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফের ১০টির বেশি স্থানে তিনি সংবর্ধনা গ্রহণ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন। সাংসদকে বরণ করতে সড়কে তিন শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছিল।