‘ধন্যবাদ প্রত্যাহার দুর্ভাগ্যজনক’
সমুদ্রজয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সরকারকে ধন্যবাদ দিয়ে তা আবার প্রত্যাহার করাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) ক্ষমতায় থাকতে সমুদ্র নিয়ে কিছুই করেনি। আমরা অর্জন করলাম। জাতি উল্লসিত হলো। এখন এ বিজয়ে কী পেলাম আর কী পেলাম না, তা নিক্তিতে মাপতে শুরু করলেন। জাতিকে তারা বিভ্রান্ত করছে। এ খেলা বন্ধ করুন।’ গতকাল বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে বাংলাদেশের বিজয়ের জন্য প্রধানমন্ত্রীকে এই গণসংবর্ধনা দিয়েছে যুবলীগ, যুব মৈত্রী, জাতীয় যুব জোট, যুব মহিলা লীগ, যুব আন্দোলন, যুব সমিতি ও জাতীয় যুব ঐক্যের সমন্বয়ে গঠিত যুব সংগ্রাম পরিষদ।প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিলে ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্র নিয়ে মামলার যে রায় হবে, তাতেও বিজয়ী হব।’ তিনি বলেন, সমুদ্র গবেষণার জন্য একটি ইনস্টিটিউটের কাজ শুরু হয়েছে। সমুদ্রে কী সম্পদ আছে এবং তা অর্থনৈতিক উন্নয়নে কী কাজে লাগতে পারে, তা নিয়ে গবেষণা হবে।সংবর্ধনার বিশাল মঞ্চ সাজানো হয় সমুদ্রের ঢেউয়ের ছবি দিয়ে। বেলা চারটা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছান। এ সময় স্টেডিয়ামের মাঠজুড়ে শত শত পায়রা ও বেলুন ওড়ানো হয়। এরপর শিল্পী সাবিনা ইয়াসমীন ও এন্ড্রু কিশোর দ্বৈত কণ্ঠে ‘দেশ দিয়েছে জাতির পিতা, সাগর দিলে তুমি, পিতা দিল স্বাধীনতা, স্বপ্ন জাগালে তুমি’ গানটি পরিবেশন করেন। গানের সঙ্গে সঙ্গে নৃত্য পরিবেশন করেন একদল শিল্পী। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন মির্জা আজম। পরে যুব সংগ্রাম পরিষদের নেতারা প্রধানমন্ত্রীর হাতে তা তুলে দেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, শেখ হাসিনা মেধা দিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে এ জয় এনে দিয়েছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বিএনপি নেত্রীর ধন্যবাদ প্রত্যাহার সম্পর্কে বলেন, ‘তাদের ধন্যবাদ দিতে বলেছে কে? তাদের ধন্যবাদের প্রয়োজন নেই।’যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় আরও বক্তব্য দেন আমির হোসেন আমু, সৈয়দা সাজেদা চৌধুরী, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।