'ধর্ম যার যার, উৎসব সকলের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের নিতাইগঞ্জ ও খানপুরে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দুজন মুসলমান। হিন্দুধর্মাবলম্বীরা বিষয়টি শুভ লক্ষণ হিসেবে দেখছেন।
১৫ বছর ধরে নারায়ণগঞ্জ শহরের খানপুরে সিদ্ধিগোপাল আখড়া পূজা উদ্যাপন কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন মঞ্জুর হোসেন। এ ছাড়া ২০১৫ সাল থেকে শহরের নিতাইগঞ্জে প্রজন্ম প্রত্যাশা পূজা উদ্যাপন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মাসুদুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’, এটা ইসলামিক ফাউন্ডেশনের ক্যাম্পেইনে (প্রচার) আছে। মুসলমানদের ঈদ ও হিন্দুদের দুর্গাপূজা দুটিই সর্বজনীন উৎসব। এই দুজন যদি পূজা উদ্যাপন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন, তাহলে সেটা খুবই ইতিবাচক। এক ধর্মের সর্বজনীন উৎসব আয়োজনে অন্য ধর্মের মানুষ সহযোগিতা করলে সেটা এ দেশের আলেম-ওলামারাও সমর্থন করেন।
জেলায় এবার ১৯৬টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বী অনেকে বলছেন, দুটি পৃথক পূজা উদ্যাপন কমিটিতে সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন মুসলমান সম্প্রদায়ের লোক। এটা শুভ লক্ষণ। পূজা হিন্দু সম্প্রদায়ের হলেও উৎসব সবার। হিন্দুরা যেমন মুসলমানদের ঈদের খুশি ভাগাভাগি করে নেয়, তেমনি মুসলমানরাও পূজা উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেয়।
মঞ্জুর হোসেন বলেন, ‘উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের হলেও প্রথমে আমরা বন্ধুরা মিলে পূজার আয়োজন শুরু করি। তারপর থেকে পূজা উদ্যাপন কমিটিতে সভাপতি হিসেবে আছি। আমি ছেড়ে যেতে চাইলেও তারা আমাকে ছাড়েনি।’ মাসুদুর রহমান বলেন, ‘অসাম্প্রদায়িকতার মডেল হচ্ছে নারায়ণগঞ্জ; যেখানে ঈদ, পূজাসহ বিভিন্ন ধর্মের অনুষ্ঠান একই সঙ্গে পালন করা হয়। আমরা ছোট থেকে বড় হয়েছি একসঙ্গে পূজা ও ঈদের আনন্দ ভাগ করে। ধর্ম যার যার, উৎসব সকলের।’
জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শংকর সাহা বলেন, ‘পূজা ও ঈদ পৃথক ধর্মের হলেও উৎসব আমাদের সকলের। দুটি পূজা উদ্যাপন কমিটির সভাপতি মুসলিম সম্প্রদায়ের লোক। এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত। আমরা সকলের ধর্মীয় উৎসবে সমানভাবে অংশ নিচ্ছি।’