'ধর্মের অপব্যাখ্যা করে জঙ্গি বানানো হচ্ছে'
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ‘ধর্মের অপব্যাখ্যা করে যুবসমাজকে বিপথগামী করে জঙ্গি বানানো হচ্ছে। এতে ইসলাম, গণতন্ত্র, উন্নয়ন, রাজনীতি ও অর্থনীতি ধ্বংস হচ্ছে। তবে সরকারের সময়োপযোগী পদক্ষেপে আমাদের দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারেনি।’
‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা: রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ সভার আয়োজন করা হয়।
কাজী রিয়াজুল হক বলেন, ‘দেশের উন্নয়ন, গণতন্ত্র, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ধ্বংস করতে দেশি-বিদেশিদের প্ররোচনায় একটি মহল দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ড চালাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি হয়েছে। সমন্বিত প্রয়াস ও সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দিতে হবে।’
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শরীফ আমিনুল হক। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ উম্মে রাজিয়া কাজল। বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিন প্রমুখ।
এর আগে কাজী রিয়াজুল হক টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।