'ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীকে ঘরে রাখার চেষ্টা হয়'
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেছেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীকে, বিশেষ করে দুর্বল নারীদের ঘরের মধ্যে রাখার চেষ্টা হয়। নারীকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটা চ্যালেঞ্জ। এ ছাড়া দরিদ্রতা ও অর্থনৈতিকভাবে নারীকে দাঁড়াতে না দেওয়াও চ্যালেঞ্জ।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ডিআরইউ এই অনুষ্ঠানের আয়োজন করে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গৃহস্থালি কাজ শুধু নারী একা কেন করবে, পুরুষদেরও করা উচিত। এ জন্য সচেতনতা বাড়াতে হবে। নারীদের গৃহস্থালি কাজের বিষয়ে স্বীকৃতি চান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নারী উন্নয়ন নীতিমালা করা, নতুন দম্পতিদের প্রশিক্ষণসহ নারীর অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এ ছাড়া হেফাজতে ইসলামসহ বিভিন্ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
ডিআরইউর সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, মহিলাবিষয়ক সম্পাদক লুৎফা শাহানা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।