'ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীর অগ্রগতি রুদ্ধ করা হয়'
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত আলোচনাসভায় বক্তারা বলেছেন, রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা খুবই জরুরি। কারণ এই ধর্মের অপব্যবহার করে যেমন সাধারণ মানুষকে ভুল বোঝানো হয়, তেমনি ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের অগ্রগতিকে প্রতি পদে পদে রুদ্ধ করে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ কর, নারীর সমতা ও উন্নয়ন নিশ্চিত কর’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সূচনা বক্তব্যে মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ বলেন, বর্তমান সময়ে নানা বাধা-বিপত্তির পাশাপাশি মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠীর অপতত্পরতা ও সাম্প্রদায়িক শক্তির ধারাবাহিক সহিংস আক্রমণ শুধু সংখ্যালঘু জনগোষ্ঠী নয় বরং সুস্থ রাজনীতির পথকেও বাধাগ্রস্ত করছে। পাশাপাশি রাজনীতিতে ধর্মের ব্যবহার ধর্মান্ধ সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, নারী-পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে সুশীল সমাজ, বিচার বিভাগ, শাসন বিভাগ—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ব্যক্তি যদি তার নিজের অবস্থান সম্পর্কে সচেতন না হন, তবে লিঙ্গবৈষম্য দূর হওয়ার নয়। তিনি সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, সংবিধানে অসাম্প্রদায়িকতার কথা লেখা থাকলেও যখন একটি ধর্মকে নির্দিষ্ট করে দেওয়া হয়, তখন দেশে সাম্প্রদায়িকতার সহিংসতা ঠেকানো কতটুক সম্ভব?
মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, কেবল প্রতীকী অর্থে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নয়, সিদ্ধান্তগ্রহণ ও সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীর সংগ্রাম আইনিভাবে নিশ্চিত করতে হবে।
নরওয়ের রাষ্ট্রদূত মেরেতো লুনডেমো বলেন, বাংলাদেশে বিরাজমান লিঙ্গ বৈষম্যের কারণ হচ্ছে প্রাথমিক শিক্ষায় নারীরা এগিয়ে থাকলেও পরে তারা ঝরে যায়। নারীর প্রতি সহিংসতার অন্যতম একটি কারণ হলো বাল্যবিবাহ। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হলে লিঙ্গীয় সমতা আসবে। নারীর প্রতি সহিংসতা রোধে নারীর প্রজনন স্বাস্থ্য, শিক্ষা, রাজনীতি, অর্থনীতিতে নারীর সমতা প্রতিষ্ঠা—এই বিষয়গুলো রাজনীতিতে অন্তর্ভুক্ত করতে হবে।
সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেমের সঞ্চালনায় দেশের নারী সমাজের পথচলাকে মসৃণ করার প্রতিশ্রুতিতে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথিরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ন্যাশনাল হোম ইকনোমিকস কলেজের প্রভাষক তাহমিনা মোমিন, আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চন্দ্রা ত্রিপুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কবীর হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কারা হয়।