‘ধর্ষণ মামলার আসামি’ শিশুটিকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা ১০ বছরের শিশু আরমানকে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ‘হাতে হ্যান্ডকাফ কোমরে রশি: ১০ বছরের শিশু ধর্ষণের আসামি’ শিরোনামে ৪ জুলাই একটি জাতীয় দৈনিকে খবর বের হয়। এটা যুক্ত করে শিশুটিকে আটক রাখার (ডিটেনশন) বৈধতা চ্যালেঞ্জ করে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল ৯ জুলাই রিট আবেদন করেন। ওই দিন প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন এবং শিশুটিকে ১৮ জুলাই আদালতে হাজির করার নির্দেশ দেন। গতকাল শিশুটিকে আদালতে হাজির করা হয়। আদালত শুনানি নিয়ে শিশুটিকে মুক্তির আদেশ দেন।আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন মো. ইদ্রিসুর রহমান, মো. শহীদউল্লাহ ও মো. আসাদুজ্জামান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুণাময় চাকমা। আদেশের বিষয়ে আইনজীবী ইদ্রিসুর রহমান প্রথম আলোকে বলেন, আদালত শিশুটিকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন। শিশুটিকে তার বাবা-মায়ের হেফাজতে পৌঁছে দিতে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ককে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আইন অনুযায়ী মামলার তদন্ত চলবে।