'ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়ায় নারীর চরিত্র হনন বন্ধ হোক'
ধর্ষণের শিকার একজন নারী বিচার চাইতে গিয়ে আইনি প্রক্রিয়ার মধ্যেই আবারও জনসমক্ষে ধর্ষণের শিকার হন। সাক্ষ্য আইনের ১৫৫(৪) ধারা অভিযুক্ত ব্যক্তি বা তাঁর সহযোগীদের এ রকম সুযোগ করে দেয়। ওই ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি যখন ধর্ষণ বা শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ফৌজদারিতে সোপর্দ হন তখন দেখানো যেতে পারে যে অভিযোগকারী সাধারণভাবে দুশ্চরিত্রা।’ অর্থাৎ অভিযোগকারীকে দুশ্চরিত্রা হিসেবে প্রমাণ করতে পারলে অভিযুক্ত ব্যক্তিটি ধর্ষণের অভিযোগ থেকে বেঁচে যেতে পারেন। একবিংশ শতকেও বাংলাদেশে এখনো এ রকম আইন রয়েছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করলেন বক্তারা।
ধর্ষণ মামলায় নারীদের চরিত্র হননের সুযোগ করে দেওয়া এই ১৫৫(৪) ধারা নিয়ে এক গবেষণা প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল রোববার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ উইমেনস হেলথ কোয়ালিশন, মেরী স্টোপস বাংলাদেশ এবং নেদারল্যান্ডস দূতাবাস। গবেষণাটি করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা সুলতানা।
অনুষ্ঠানে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, বাংলাদেশে একজন ধর্ষণের শিকার নারী বিচার চাইতে গেলে পরবর্তী সময়ে আরও অন্তত দুবার ধর্ষিত হন। একবার ডাক্তারি পরীক্ষা করাতে গিয়ে, আরেকবার আদালতে তাঁর ধর্ষণের ঘটনার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে। সাক্ষ্য আইনের এই ধারাটির ফলে ধর্ষণের শিকার নারী বিচার চাইবার ক্ষেত্রে নিরুৎসাহিত হন।
সুলতানা কামাল বলেন, ‘নারীদের অগ্রগতির জন্য বাংলাদেশ এখন আলোচিত, এটা নিয়ে আমরা গর্ব করি। এর মধ্যে খুবই অগ্রহণযোগ্য, নারীবিদ্বেষী এ ধারা কীভাবে বাংলাদেশের আইনে এখনো রয়ে গেছে, তা ভাবতে অবাক লাগে।’ তিনি দ্রুত এ ধারা বিলোপের দাবি জানান।
গবেষক ফাতেমা সুলতানা তাঁর বক্তব্যে বলেন, মূলত ‘টু ফিঙ্গার্স টেস্ট’ নিয়ে গবেষণার একপর্যায়ে ওই ধারাটি কীভাবে নারীদের সরাসরি চরিত্র হনন করছে, সে বিষয়টি তাঁর নজরে আসে। ঘটনার শিকার ১৫ জন নারী, ৫ জন চিকিৎসক, ৫ জন আইনজীবী ও ৩ জন অবসরপ্রাপ্ত বিচারপতির সাক্ষাৎকারের ভিত্তিতে গবেষণাটি করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, মামলাগুলোতে ঘটনার শিকার নারীকে কোনোভাবে ‘দুশ্চরিত্রা’ প্রমাণ করতে পারলেই অভিযুক্ত বেঁচে যান। আর এ জন্য আদালতে তাঁকে ‘দুশ্চরিত্রা’ প্রমাণ করতে উঠেপড়ে লেগে যান অভিযুক্তের আইনজীবী।
আইন কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর বলেন, ইতিমধ্যে কমিশন সাক্ষ্য আইনের একটি খসড়া করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে। সেখানে ১৫৫(৪) ধারাটি বিলোপ করা হয়েছে। এ ছাড়া সম্প্রতি প্রধান বিচারপতিও ধারাটি বাদ দেওয়ার কথা বলেছেন। সবাই এই আইনের বিপক্ষে বলছেন। আশা করা যায়, অতি দ্রুত সরকার এটি সংশোধন করে সংসদে প্রস্তাব পেশ করবে।
ফজলে কবীর আরও বলেন, বিচারকদের ক্ষমতা আছে কোনো আইনজীবী ঘটনার শিকার নারীকে অশোভনীয় বাক্য বা প্রশ্ন করলে সেটা থামিয়ে দেওয়ার। তবে অনেক বিচারকই এটা জানেন না এবং এ ক্ষমতার প্রয়োগ করেন না।
ওই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক ও মানবাধিকারকর্মী সারা হোসেন, নেদারল্যান্ডস দূতাবাসের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকারবিষয়ক ফার্স্ট সেক্রেটারি এলা ডি-ভোগ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আলী আসগর স্বপন, ‘সখি প্রকল্পের’ টিম লিডার নাজরানা ইমাম প্রমুখ।