'ধলা সুন্দরী'র তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোষা হাতি ‘ধলা (সাদা) সুন্দরী’ ও তার মেয়ে ‘ফুল সুন্দরী’ লোকালয় থেকে বেশ দূরে পাহাড়ে থাকে। ‘ধলা সুন্দরী’ দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে। কয়েক দিন ধরে তার মেজাজ খিটখিটে। তাকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন ‘মাহুত’ (হাতি দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তি)।
এই অবস্থায় গভীর রাতে আবাসস্থল থেকে বেরিয়ে পাকা সড়ক দিয়ে ছুটতে থাকে সে। পিছু নেয় তার মেয়ে। একপর্যায়ে শহরে ঢুকে তাণ্ডব শুরু করে মা হাতিটি। এদিকে ‘ডাকাত’ ভেবে শহরের লোকজন চিৎকার শুরু করে। ঘণ্টা খানেক পর মা আর মেয়ে আবাসস্থলে ফিরে যায়। মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরে ঘটনাটি ঘটে গত মঙ্গলবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুটি হাতির মালিক উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঈন উদ্দিন। হাতিদের নামও তাঁদের পরিবারের লোকজন রেখেছে। ওই হাতিরা সাগরনাল এলাকার পাহাড়ে দীর্ঘদিন ধরে বসবাস করছে। তাদের ‘মাহুত’ স্থানীয় সমাই এলাকার বাসিন্দা দুদু মিয়া (৪০)। মা হাতিটিকে পাহাড় থেকে নিচে গাছ টেনে নামানোর কাজে ব্যবহার করা হয়। মঙ্গলবার বিকেলের দিকে বশে আনার চেষ্টাকালে মা হাতিটি ‘মাহুত’ দুদুকে লাথি মারে। এতে দুদু পিঠে প্রচণ্ড চোট পান। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে মা ও মেয়ে হাতি জুড়ী-ফুলতলা সড়ক হয়ে উপজেলা সদরে ঢোকে। এ সময় সড়কের দুই পাশে দাঁড় করিয়ে রাখা চার-পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা উল্টে ফেলে দেয় মা হাতি। এ ছাড়া সে কামিনীগঞ্জ বাজার ও ভবানীগঞ্জ বাজারের পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানের টিনের শাটার ভেঙে ফেলে। রাত সোয়া তিনটার দিকে মা আর মেয়ে হাতি সগরনাল পাহাড়ের দিকে চলে যায়।
এ ব্যাপারে মঈন উদ্দিনের ছেলে মামুনুর রশীদ মুঠোফোনে বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আমরা আর্থিক সহযোগিতা করব। মাহুত সুস্থ আছেন।’