‘ধাইয়ের ভূমিকা স্বীকৃতি পায়নি’
মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য রক্ষায় ধাত্রীর (ধাই) ভূমিকাকে কেন্দ্রীয় বিষয় হিসেবে আজও বিবেচনা করা হচ্ছে না। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে। সব জায়গায় ধাত্রীবিদ্যার সুনির্দিষ্ট শিক্ষাপদ্ধতিও নেই। রাজধানীতে চলমান জরুরি প্রসূতিসেবা ও নবজাতকের যত্নবিষয়ক আঞ্চলিক সম্মেলনের তৃতীয় দিনে ধাত্রী বিষয়ে বিশেষজ্ঞরা এ কথা বলেন। গতকাল ছিল বিশ্ব ধাত্রী দিবস। গতকালের প্রথম অধিবেশনে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ধাত্রীবিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা গীতা লাল। তিনি বলেন, গর্ভ ও প্রসবকালে দক্ষ দাইয়ের সেবার চাহিদা এখন বৈশ্বিক বিষয়ে পরিণত হয়েছে।গীতা লালের উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবছর বিশ্বে গর্ভকালীন জটিলতায় বা প্রসবকালে সাড়ে তিন লাখ মায়ের মৃত্যু হয়। প্রায় ২০ লাখ নবজাতকের মৃত্যু হয় জন্মের ২৪ ঘণ্টার মধ্যে। প্রয়োজনের সময় মানসম্পন্ন স্বাস্থ্যকেন্দ্র বা দক্ষ স্বাস্থ্যকর্মীর সেবা না পাওয়াই এসব মৃত্যুর কারণ। ইউএনএফপিএর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে কাকে দাই বলা হবে, তা যেমন স্পষ্ট নয়; তেমনি স্বাধীন পেশা হিসেবে দাইয়ের আইনগত স্বীকৃতিও নেই। এ পেশা চর্চার জন্য নিবন্ধনের দরকার হয় না। নিয়ন্ত্রণেও কারও দায়িত্ব নেই।অনুষ্ঠানে আফগানিস্তান মিডওয়াইফারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাবেরা তুর্কমানি জানান, দেশটিতে প্রায় তিন হাজার প্রশিক্ষিত দাই আছেন। তাঁদের সংগঠন তুলনামূলকভাবে বড় ও শক্তিশালী। মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার পাশাপাশি দাইদের সংগঠন আফগান নারীদের ক্ষমতায়নে বড় ভূমিকা রাখছে।গতকাল বিকেলে সম্মেলনের সহ-আয়োজক ইউএসএআইডির পক্ষ থেকে বাংলাদেশের চারজন ব্যক্তিত্বকে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য বিষয়ে শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করা হয়। তাঁরা হলেন সামিনা চৌধুরী (শিল্পী), শমী কায়সার (নাট্য ব্যক্তিত্ব), শাহনাজ মুন্নী (সাংবাদিক) ও মুশফিকুর রহিম (ক্রীড়া)। প্রসব-পরবর্তী রক্তক্ষরণ, গর্ভকালীন ও প্রসবকালীন খিঁচুনি এবং মা ও নবজাতকের স্বাস্থ্য নিয়ে চার দিনের এই সম্মেলন আজ রোববার শেষ হচ্ছে। বাংলাদেশ সরকার, ইউএসএআইডি এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন যৌথভাবে এর আয়োজন করেছে।