‘ধান তুললেই ধনী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালি রোদে চিক চিক করছে পুরো ধানখেত। একদল কৃষক ধান কাটছেন, আরেক দল কাটা ধান কাঁধে করে নৌকায় তুলছেন। সিলেটের বোরো ফসলি হাওরাঞ্চলের এভাবেই চলছে কৃষকের ধান কাটার মৌসুম। সিলেটের বৈরাগীর হাওরে কৃষক আবু সুফিয়ান নিজের খেতের ধান কাটা তদারক করার এক ফাঁকে বলেন, ‘দিন (প্রকৃতি) ভালা থাকলে এইবার খেতের ধান ঘরে তুললেই ধনী!’ ‘ধান তুললেই ধনী’ এ কথা একজন সুফিয়ানের নয়, হাওরাঞ্চলের একমাত্র ফসল বোরো ধান নিয়ে এ রকম আশাবাদ সব কৃষকের মুখেই শোনা যায়।গতকাল শনিবার সিলেটের কয়েকটি হাওর ঘুরে দেখা গেছে, এখন ধানখেত ঘিরেই কৃষকের সব ব্যস্ততা। প্রকৃতির ওপর ভরসা রেখেই চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। তবে ধান ঘরে তোলার পর দর নামবে কি না, তা নিয়ে আগাম উৎকণ্ঠা রয়েছে। সিলেট বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় সিলেট বিভাগের হাওরাঞ্চলে এবার বোরো চাষ লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। ফলনও সে অনুযায়ী হবে। এবার সিলেট বিভাগের চার জেলা সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারে চার লাখ ২৭ হাজার ৫৮৯ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। সবচেয়ে বেশি বোরো চাষ হয়েছে সুনামগঞ্জে। সুনামগঞ্জের ১৩৩টি হাওরে এবার প্রায় দুই লাখ ৩৩৭ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এ ছাড়া হবিগঞ্জে এক লাখ সাত হাজার ২৩০ হেক্টর, সিলেটে ৬৯ হাজার ৬৪৮ হেক্টর ও মৌলভীবাজারে ৫০ হাজার ৩৭৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানান, প্রকৃতি সদয় থাকলে বিভাগের চার জেলায় বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৭ লাখ মেট্রিক টন অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ফলন ভালো দেখে আর্থিক বিষয় নিয়ে আগাম পরিকল্পনা করে রেখেছেন কৃষক রিয়াসত মিয়া। তিনি বলেন, ‘নিজের জমির ধান দি বছরের খাওয়া চলব। ভাগি (বর্গা) জমির ধান বিক্রি করমু। কিন্তু ধানের দাম ঠিকঠাক থাকব কিনা কিছু চিন্তা আছে।’ ধান সংগ্রাহক আবদুল বাছিত বলেন, বোরো নিয়ে কৃষকের মধ্যে প্রথম উৎকণ্ঠা—প্রকৃতি। আবহাওয়া অনুকূল থাকলে ফলন ঘরে তুলতে কৃষকেরা ধান দেখে লাভ-ক্ষতির হিসাব করেন। এবার আবহাওয়া ভালো থাকায় ওই হিসাব-নিকাশ থেকে ধানের দর নিয়ে কৃষকদের মধ্যে কিছু উৎকণ্ঠা রয়েছে। হাওরাঞ্চলের সবচেয়ে বড় ধানের হাট সুনামগঞ্জের মধ্যনগর আড়তদার সমিতির সভাপতি জহিরুল হক জানান, ধান কাটা শুরুর এ সময়ে মণপ্রতি দর এখন ৫৮০ থেকে ৬২০ টাকায় ওঠা-নামা করছে। মণপ্রতি ধানের দর ৬০০ টাকার ওপর থাকলে কৃষকদের ক্ষতির মুখে পড়তে হবে না।