‘ধানগাছ কেটে গরুরে খাওয়াচ্ছি’
যশোরের অভয়নগর উপজেলার কালিশাকুল গ্রামের কৃষক হরিদাস বিশ্বাস এবার পাঁচ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছেন। এর মধ্যে হাইব্রিড ধান ‘মধুমতী-২’ আড়াই বিঘা। নেক ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে তাঁর এই আড়াই বিঘা জমির ধানের শিষ শুকিয়ে গেছে। তিনি বলেন, ‘আমার অন্য জমিতে ব্রি-২৮ ধান আছে। সেই ধানে কোনো ক্ষতি হয়নি। মধুমতী-২ ধান সব শেষ। ওই ধানগাছ কেটে গরুরে খাওয়াচ্ছি।’বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একটি দল ১১ এপ্রিল উপজেলার কয়েকটি ক্ষতিগ্রস্ত হাইব্রিড ধানখেত পরিদর্শন করেছে। দলের প্রধান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবদুল জলিল মৃধা বলেন, ‘আমরা পরীক্ষার জন্য মধুমতী-২ ধানের নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষা না করে আগাম কিছু বলা ঠিক নয়। তবে প্রাথমিকভাবে নেক ব্লাস্ট রোগ বলে মনে হয়েছে। এটি একটি বীজবাহিত রোগ। এ ছাড়া সুরমা ধানের বীজও বিশুদ্ধ বলে মনে হয়নি। শিষ কোথাও একটু বের হচ্ছে, আবার কোথাও মোটেও বের হচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়া হবে। এরপর কৃষকদের ক্ষতিপূরণের বিষয়টি আসবে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাও তৈরি করেছি।’কৃষি অফিসের তথ্যানুসারে, উপজেলায় এবার গত বছরের চেয়ে ৫০ হেক্টর বেশি জমিতে হাইব্রিড ধানের আবাদ হয়েছে। এই ধান নিয়ে কৃষকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। তবে এ সময় দেশি প্রজাতের উচ্চফলনশীল ধানের আবাদ বেড়েছে ২০০ হেক্টর জমিতে।কৃষি অফিস সূত্র জানায়, গত বছর ১৪ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়। এর মধ্যে উচ্চফলনশীল জাতের ধান ছিল সাত হাজার ২৫০ ও হাইব্রিড জাতের ধান সাত হাজার ১৫০ হেক্টর। এ বছর ১৪ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে উচ্চফলনশীল জাতের ধান সাত হাজার ৪৫০ ও হাইব্রিড জাতের ধান সাত হাজার ২০০ হেক্টর। প্রায় ২০ হেক্টর জমির হাইব্রিড ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকেরা বলছেন, ক্ষতির পরিমাণ এর কয়েকগুণ বেশি। মধুমতী-২, সুরমা, মণিহার, তেজ এবং ঝলক ধান চাষ করে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, ‘বেশির ভাগ হাইব্রিড ধানের বীজ চীন থেকে আমদানি করা হয়। চীনের আবহাওয়ায় উৎপাদিত ওই বীজ দেশে এনে ঠিকমতো পরিশোধন করা হয় না। অনেক সময় দেশি আবহাওয়ার সঙ্গে ওই বীজ মানানসই হয় না। উপজেলায় এবার বেশ কিছু জমির হাইব্রিড ধানখেত ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকেরা যাতে ক্ষতিপূরণ পেতে পারেন, সে জন্য আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েছি।’