'ধানমন্ডি মাঠ রক্ষা করে নাগরিকদের বাঁচান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহ আবু সায়ীদ
আবদুল্লাহ আবু সায়ীদ

রাজধানীর ধানমন্ডি মাঠ দখলদারদের হাত থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, ‘মাঠটি রক্ষা করে নাগরিকদের বাঁচান, তাঁদের নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করুন।’
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ধানমন্ডি মাঠ: অতীত, বর্তমান এবং?’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে আবদুল্লাহ আবু সায়ীদ এ আবেদন করেন। গতকাল শনিবার সকালে ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলন এর আয়োজন করে।
আবদুল্লাহ আবু সায়ীদ প্রধানমন্ত্রীকে একজন ‘পরিবেশবাদী’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘আপনি জলাধার নিয়ন্ত্রণ আইন করেছেন। ভূমিগ্রাসীদের “ভূমিখেকো” নাম দিয়েছেন। এদের হাত থেকে মাঠ-জলাভূমি রক্ষার নির্দেশ দিয়েছেন। মাঠটি রক্ষায় আমাদের সব চেষ্টা কঠিন হয়ে পড়েছে। মাঠটিকে আমরা বাঁচাতে পারছি না। আপনি আমাদের সহায়তা করুন।’
অধ্যাপক সায়ীদ বলেন, বঙ্গবন্ধুর পরিবারের নাম ব্যবহার করে ধানমন্ডি মাঠকে ধ্বংস করা হচ্ছে। এতে কি শেখ জামালের সম্মান বাড়ছে? বরং তাঁকে অসম্মানিত করা হচ্ছে।
অধ্যাপক সায়ীদ লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের নামকরণের দিকে ইঙ্গিত করে বলেন, ‘বঙ্গবন্ধুর পরিবারের নাম ব্যবহার করে কি ব্যবসা করতেই হবে? এভাবে আমাদের সবকিছুকে নষ্ট করে ফেলা হচ্ছে।’ তিনি বলেন, ‘যদি এমনটা হতো যে শেখ জামালের নামেই মাঠটি থাকুক। সে মাঠ থাকুক সবার জন্য উন্মুক্ত। সেখানে শিশুরা খেলা করবে। বয়স্করা হাঁটাচলা করবেন। মাঠজুড়ে থাকবে কৃষ্ণচূড়ার সারি।’
সংবাদ সম্মেলনে ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলনের ধারাবাহিক কার্যক্রম উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব। স্থপতি মোবাশ্বের হোসেনও বক্তব্য দেন৷ উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু৷