'ধার করা' ভবনে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি বিদ্যালয়েরই ভবন প্রায় তিন বছর ধরে পরিত্যক্ত। তাই শিক্ষার্থীদের পাঠদান চলছে অপর দুটি বিদ্যালয়ে। এতে চারটি বিদ্যালয়েরই পাঠদান ব্যাহত হচ্ছে।
ভবন পরিত্যক্ত বিদ্যালয় দুটি হলো ময়মনসিংহ শহরের শাঁখারীপট্টি এলাকায় অবস্থিত শাঁখারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সি কে ঘোষ রোড রেলক্রসিং এলাকায় অবস্থিত মালতী প্রভা সরকারি প্রাথমিক বিদ্যালয়। জরাজীর্ণ হয়ে পড়ায় ২০১৩ সালের মে মাসে প্রতিষ্ঠান দুটির ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়।
সেই থেকে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ শাঁখারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম গাঙ্গিনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করে। আর মালতী প্রভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ও সব দাপ্তরিক কার্যক্রম স্থানান্তর করে শহরের ধোপাখলা এলাকায় অবস্থিত চশমে রহমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
৩ মার্চ গাঙ্গিনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চশমে রহমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে চারটি স্কুলের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে দুই পর্বে (শিফট) বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলার নিয়ম। মাঝে ৪০ মিনিট মধ্যাহ্ন বিরতি। কিন্তু একই ভবনে দুটি বিদ্যালয়ের কার্যক্রম চলায় গাঙ্গিনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চশমে রহমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান শুরু হয় সকাল সাতটা থেকে। গাঙ্গিনারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে নিজেদের কার্যক্রম চলে সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো বিরতি নেই। প্রথম পর্বের কার্যক্রম চলে ৭টা থেকে ৯টা অবধি। কোনো বিরতি ছাড়াই সকাল ৯টা থেকে শুরু হয় দ্বিতীয় পর্বের কার্যক্রম। আর চশমে রহমত বিদ্যালয়েও চলে একই নিয়মে তাদের শিক্ষা কার্যক্রম।
এরপর শুরু হয় অপর দুটি বিদ্যালয়ের কার্যক্রম। শাঁখারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মালতী প্রভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে পাঠদান করেন। সেখানেই দুই পর্বে ক্লাস অনুষ্ঠিত হয়। তবে একই সময়ে এক বিদ্যালয়ের ক্লাস শেষ এবং অপর বিদ্যালয়ের ক্লাস শুরুর সময় নির্ধারিত থাকায় কিছুটা ঝামেলা হয়। বিশেষ করে দ্বিতীয় বিদ্যালয়ের ক্লাস শুরু হতে কিছুটা দেরি হয়ে থাকে।
গাঙ্গিনারপাড় বিদ্যালয় ও চশমে রহমত বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, বিরতি ছাড়া পাঠদান চালাতে তাঁদের অনেক কষ্ট হয়। তা ছাড়া সকাল সাতটায় বিদ্যালয়ে আসতে অনেক শিক্ষার্থীরও কষ্ট হয়। তবে সবার প্রথমে অসুবিধা হলেও এখন অভ্যস্ত হয়ে পড়েছে। শ্রেণিকক্ষ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন ও অফিসকক্ষও তাঁরা ভাগাভাগি করছেন। এক বিদ্যালয়ের শিক্ষকেরা চলে যাওয়ার পর ওই কক্ষেই বসেন অপর বিদ্যালয়ের শিক্ষকেরা।
শিক্ষকেরা জানান, এক স্কুলের কার্যক্রম শেষে অপর স্কুলের শিক্ষার্থীরা আসতে শুরু করায় ব্যাপক বিশৃঙ্খলা হয়। তাই পাঠদান কখনোই যথাসময়ে শুরু করা যায় না।
গাঙ্গিনারপাড় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাকলি গোস্বামী বলেন, কিছুটা ভোগান্তি তো হয়েই থাকে। বিশেষ করে বিরতিহীনভাবে ক্লাস করানোটা শিক্ষকদের জন্য কষ্টকর।
শাঁখারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক বলেন, দুটি বিদ্যালয়ের পাঠদান এক বিদ্যালয়ে কখনোই সম্ভব না। এতে শিডিউল (সময়সূচি) অনুযায়ী ক্লাসে পড়ানো সম্ভব হয় না। দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরাই পড়াশোনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।
চশমে রহমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘আমরা বিরতিহীনভাবে ক্লাস করালেও একটি স্কুল ছুটির সাথে সাথে অপর একটি স্কুল শুরু করা সম্ভব হয় না। ফলে শিক্ষার্থীরা যথাযথ পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে।’
জানতে চাইলে ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম মৃধা বলেন, ‘আমরা বারবার ঊর্ধ্বতন দপ্তরে সমস্যাটির কথা উল্লেখ করে সমাধানের আবেদন করছি। মালতী প্রভার জন্য ভবন নির্মাণের কিছুটা সম্ভাবনা দেখা দিলেও শাঁখারীপট্টি স্কুলটি নিয়ে এখনো কোনো সাড়া পাইনি।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল হক বলেন, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।