'ধূসর' শহর সিলেট

যে সড়কে যাবেন, সেখানেই ধুলা। যেন ধুলায় আচ্ছন্ন গোটা শহর। নাক-মুখ চেপে মানুষের চলাচল। বছরজুড়ে ধুলা থাকলেও শীত মৌসুমে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতি মোকাবিলায় সড়কগুলোতে নিয়মিত পানি ছিটানোর দাবি জানিয়েছেন নগরের বাসিন্দারা।
১ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নগরের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেন এই প্রতিবেদক। প্রায় সব কটি এলাকাতেই ধুলার রাজত্ব দেখা গেছে।
এলাকাগুলো হলো রিকাবীবাজার, পুলিশ লাইনস, মীরের ময়দান, ভার্থখলা, জেল রোড, যতরপুর, সোবহানী ঘাট, রায়নগর, লামাপাড়া, ভাতালিয়া, কাজল শাহ, নবাব রোড, কদমতলী, নতুন পুল এলাকা, ধোপাদিঘির পাড়, কুমার পাড়া, নাইওর পুল, বন্দর বাজার, কালীঘাট, লালদিঘির পাড় ও মহাজনপট্টি।
এর মধ্যে জেল রোড, যতরপুর, সোবহানী ঘাট, ধোপাদিঘির পাড় ও নবাব রোড এলাকার সড়কগুলো ভাঙাচোরা এবং রিকাবীবাজার, পুলিশ লাইনস, ভাতালিয়া, কাজল শাহ ও নতুন পুল এলাকায় উন্নয়নমূলক কাজ চলায় প্রচুর ধুলা উড়ছে। অপর সড়কগুলো নিয়মিত পরিচ্ছন্ন না করায় এবং শুষ্ক মৌসুমের কারণে সেখানে ধুলার বিচ্ছুরণ ঘটছে। ধুলার কারণে আশপাশের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও গাছ ধূসর হয়ে গেছে।
সম্প্রতি টিলাগড় এলাকার গৃহিণী মাহমুদা খাতুনের সঙ্গে রাস্তায় কথা হয়। তিনি বলেন, ‘বাচ্চাদের নিয়ে রাস্তায় বেরোতে ইচ্ছা করে না। প্রায় সব সড়কেই ধুলা। বিষয়টি অসহনীয় পর্যায়ে চলে গেছে।’ বিলপাড় এলাকার আখতারুল ইসলাম বলেন, ধুলার কারণে, বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিদের বেশি ভুগতে হয়। নাকে-মুখে ধুলা ঢুকে অনেক সময় শ্বাসকষ্ট দেখা দেয়।
এদিন বেলা তিনটার দিকে রিকাবীবাজার ও পুলিশ লাইনস সড়ক দিয়ে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী হুমায়ুন কবীর। কাজীটোলা এলাকার এই বাসিন্দা জানান, প্রায় ছয় মাস ধরে পুলিশ লাইনস এলাকার রাস্তাটির সংস্কারকাজ চলছে। সেই সময় থেকেই সড়কটি ধুলার দখলে চলে গেছে। ধুলার কারণে এই সড়ক দিয়ে চলাই কঠিন হয়ে পড়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে রিকাবীবাজার-পুলিশ লাইনস এলাকার নির্মাণাধীন সড়কে গিয়ে দেখা যায়, সেখানে সড়ক বিভাজকে (ডিভাইডার) মাটি ভরাটের কাজ চলায় ধুলা ওড়ার মাত্রা আগের তুলনায় বেড়েছে। ধুলার আধিক্যের কারণে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল পর্যন্ত কমে গেছে। গাড়ি এলেই সড়কের বিভিন্ন অংশে পড়ে থাকা বালু ও মাটির স্তূপ থেকে ধুলা উড়ছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, কিছু সড়কে ধুলা উড়ছে। যেসব সড়কে কাজ চলছে কিংবা একটু ভাঙাচোরা, সেখানে ধুলা একটু বেশি। রাতে পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত ঝাড়ু দেন। এরপরও ধুলা ঠেকাতে পানি ছিটানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।