'নকশা অনুমোদনে নিয়মমাফিক সেবা দিতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ভবন পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি সিডিএর বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
এর আগে মন্ত্রী সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলী-স্থপতিদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় মন্ত্রী সিডিএর কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সিডিএতে ভবনের নকশা অনুমোদন নিতে এসে যেন সাধারণ মানুষ কোনোভাবে হয়রানির শিকার না হন, সেটি দেখতে হবে। তাঁদের নিয়মমাফিক সেবা দিতে হবে। ভবন নির্মাণে আগ্রহী ব্যক্তিরা নকশা অনুমোদনের জন্য তিন থেকে ছয় মাস ঘুরবেন, তা হবে না।
মন্ত্রী চট্টগ্রাম নগরে অনুমোদনের শর্ত ভঙ্গ করে ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ‘চট্টগ্রামকে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’
বস্তিবাসীদের জন্য অ্যাপার্টমেন্ট প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘খাসজমি পাওয়া গেলেই চট্টগ্রাম থেকেই এই পাইলট প্রকল্প শুরু করা হবে। এ ব্যাপারে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে আলোচনা করব।’
মতবিনিময় সভায় বক্তব্য দেন সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম, বোর্ড সদস্য ইউনুস গণি চৌধুরী, প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীন উল ইসলাম খান প্রমুখ।
সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘নগরের বড় বড় রাস্তা করলাম। সেগুলো দখল করে বস্তি গড়ে উঠল, তাহলে পরিকল্পিত নগর হবে না। চট্টগ্রামকে পরিকল্পিত ও সুন্দর নগর হিসেবে গড়ে তুলতে সিডিএকে দায়িত্ব নিতে হবে। সিডিএ দায়িত্ব না নিলে চট্টগ্রাম পরিকল্পিত নগর হবে না। তাই সিডিএর সংশ্লিষ্ট সবাইকে তার দায়িত্ব-কর্তব্যের জন্য জবাবদিহি করতে হবে।’
এদিকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন গতকাল সিডিএর বাস্তবায়নাধীন চট্টগ্রাম আউটার রিং রোড প্রকল্প, লুপ রোড প্রকল্পের এলাকা পরিদর্শন করেন।