‘নগর জীবনে স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্যে আজ পালিত হবে স্বাস্থ্য দিবস
আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘নগর জীবনে স্বাস্থ্যসেবা’—এই প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে দিনটি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা পরিকল্পিত নগরায়ণ, উন্নত ও স্বাস্থ্যসম্মত এবং সর্বোপরি একটি বাসযোগ্য নগর নিশ্চিত করতে প্রকৌশলী, চিকিৎসক, নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ-বিশেষজ্ঞসহ সংশিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এতে তাঁর মন্ত্রণালয়ের বিভিন্ন পরিকল্পনা ও স্বাস্থ্য দিবসের কর্মসূচি তুলে ধরেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, পরিসংখ্যান অনুযায়ী আগামী ৩০ বছরে প্রতি ১০ জনের ছয়জনই নগরে বাস করবে। ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা দাঁড়াবে ১০ জনের মধ্যে সাতজন। এ ধারা অব্যাহত থাকলে নগরবাসীর অসংখ্য সমস্যার মধ্যে, বিশেষ করে স্বাস্থ্যের সমস্যা প্রকট হবে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হবে নগরীর বস্তিবাসী বা নিম্ন আয়ের মানুষের মধ্যে যারা অপুষ্টি ও সংক্রামক রোগের শিকার হবে। মন্ত্রী বলেন, ‘বিশ্বের এ প্রেক্ষাপটে নগরজীবনে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরাও নানা ধরনের কর্মসূচি নিয়েছি।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে প্রতি হাজারে নবজাতকের মৃত্যুহার ৩১, এক বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ৪১, পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ৫৪ এবং মাতৃমৃত্যুর হার ২ দশমিক ৯ জন। মন্ত্রী জানান, ২০১৫ সালের মধ্যে সরকার শিশুমৃত্যুর হার দুই-তৃতীয়াংশ ও মাতৃমৃত্যুর হার তিন-চতুর্থাংশ কমিয়ে আনবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে স্বাস্থ্য খাতে ব্যয় হয় জিডিপির ৩ দশমিক ১ ভাগ, যা উন্নত দেশের তুলনায় অনেক কম। দেশে এখন তিন হাজার ১২ জন রোগীর জন্য একজন চিকিৎসক, দুই হাজার ৬৬৫ জনের জন্য একটি হাসপাতাল শয্যা ও ছয় হাজার ৩৪২ জন রোগীর জন্য একজন সেবিকা রয়েছেন। কর্মসূচি: বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল অনুষ্ঠান উদ্বোধন করা হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে আয়োজন করা হয়েছে স্বাস্থ্য প্রদর্শনীর। এ ছাড়া সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে শোভাযাত্রা, শিশুস্বাস্থ্য প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী এবং দিবসের প্রতিপাদ্যের ওপর প্রচারপত্র বিতরণ করা হবে।