'নগর পিতা নয়, সেবক হতে চাই'
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বলেছেন, ‘আসুন, এই সবুজ নগরকে আমরা আরও সবুজে পরিণত করি। যেখানে সারা বছর ফুল ফুটে থাকবে। শান্তির নগরকে বিশ্বের মডেলে পরিণত করি, যাতে অন্য দেশ তা অনুসরণ করে। আমি এই নগরের পিতা নয়, সেবক হতে চাই। সিটি করপোরেশনের সেবার দ্বার সব সময় উন্মুক্ত থাকবে।’
নগর ভবনে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে গতকাল বুধবার বিকেলে তিনি এসব কথা বলেন। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, পদমর্যাদা ঘোষণা না করার প্রতিবাদে তিনি সিটি করপোরেশনের গাড়ি ব্যবহার করবেন না। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মেয়র নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা সিটি করপোরেশনের কার্যালয়ে এসে অযথা ভিড় করবেন না। আপনাদের জন্য আমার বাসা রয়েছে। দলীয় কার্যালয় রয়েছে। সেখানে আমি আপনাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।’ বিকেলে দায়িত্বপ্রাপ্ত মেয়র সরিফুল ইসলাম নতুন মেয়রের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।