'নগর বিদ্যুৎ' হবে শুধু নগরবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন এলাকার বিদ্যুতের চাহিদা মেটাতে নিজস্ব উদ্যোগে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করে ‘নগর বিদ্যুৎ’ চালু করতে যাচ্ছে সিলেট সিটি করপোরেশন। ৫০ থেকে ১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য একটি খসড়া তৈরির কাজও চলছে। চীনের সোলারল্যান্ড নামের একটি কোম্পানির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকও করেছে সিটি করপোরেশন। ‘নগর বিদ্যুৎ চালুর উদ্যোগ হবে দেশসেরা একটি দৃষ্টান্ত’—এমন অভিমত সিলেট নগরের বিশিষ্টজনদের।
সিটি করপোরেশন থেকে জানা গেছে, নগর ভবনে সোলারল্যান্ড চায়না কোম্পানির মহাব্যবস্থাপক (জিএম) বেন্নি সুয়ের সঙ্গে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বৈঠকে শুধু নগরবাসীর জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়। সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানায়, সোলারল্যান্ডের মাধ্যমে গড়ে তোলা একাধিক প্রকল্প এবং নতুন নতুন প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি দেখার পাশাপাশি চীনে অনুষ্ঠেয় বিশ্বের বিভিন্ন সিটি করপোরেশন কর্তৃপক্ষকে নিয়ে আয়োজিত কনফারেন্সে যোগ দেওয়ার জন্য আগামী অক্টোবর মাসে সিলেটের মেয়রসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীন সফরের কথা রয়েছে।
গত বছরের ১৫ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হওয়ার পর আরিফুল হক চৌধুরী ১৭ জুন প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর নির্বাচনী ইশতেহারের বাইরে নগর বিদ্যুৎ চালুর ধারণা প্রথম ব্যক্ত করেন। ওই সময় তিনি জানান, দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যে নগর বিদ্যুৎ চালুর ব্যাপারে উদ্যোগ নেবেন।
মেয়র বলেন, ‘নগর উন্নয়নে আমার দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে নগরের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন। নগর বিদ্যুৎ নিয়ে ইতিমধ্যে আমরা পরিষদের সভায়ও নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। জমি অধিগ্রহণের জন্য সিটি করপোরেশনের আগামী অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ রেখে এ ব্যাপারে পদক্ষেপ শুরু করা হবে।’
প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনে ৪৫০ থেকে ৫০০ কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে। সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে বৃহৎ এ প্রকল্পটি বাস্তবায়নে সিটি করপোরেশন উদ্যোগী হবে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে জায়গা অধিগ্রহণের কাজ শুরু হবে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ‘যদি সিটি করপোরেশন নগর বিদ্যুৎ চালুর উদ্যোগ নেয়, তবে সেটি হবে বিশাল এক পাওয়া। নগর বিদ্যুৎ চালু হলে দেশসেরা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’
সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি মো. ইরফানুজ্জামান চৌধুরী বলেন, ‘কার অর্থায়নে, কীভাবে, কোন পদ্ধতিতে কেন্দ্রটি স্থাপন হবে—এ নিয়ে জবাবদিহি ও স্বচ্ছতা থাকার নিশ্চয়তা দরকার।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম বলেন, ‘কেবল বাজেটের মধ্যেই বিষয়টিকে সীমাবদ্ধ রাখলে হবে না। যেহেতু এটি একটি বড় প্রকল্প, তাই বাস্তবায়নেও সচেষ্ট হওয়ার পরিচয় দেখাতে হবে।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী বলেন, ‘এতে করে একদিকে যেমন জাতীয় বিদ্যুতের ওপর চাপ কমবে, অপর দিকে সিটি করপোরেশনের বাড়তি আয় নিশ্চিত হবে।’