'নগর সরকার' চায় সিপিবি ও বাসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ দেশের মহানগরগুলোতে ‘নগর সরকার’ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানায় দল দুটি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন বলেন, ‘আমরা আপাতত মহানগরগুলোতে নগর সরকারের দাবি করছি।’ ঢাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, কার্যকর ‘নগর সরকার’ প্রতিষ্ঠার মাধ্যমে ঢাকার উন্নয়নকাজে নিয়োজিত সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করতে হবে। এ ছাড়া ঢাকাকে সবার বাসযোগ্য নগরে পরিণত করার উদ্যোগ এগিয়ে নেওয়া যাবে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আবদুল্লাহ আল কাফী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বজলুর রশীদ ফিরোজকে মেয়র পদপ্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুহিন হোসেন বলেন, নির্বাচনব্যবস্থাকে টাকার খেলা, সন্ত্রাস, পেশিশক্তি, প্রশাসনিক কারসাজিমুক্ত না করতে পারলে ন্যূনতম লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) করা যাবে না।
সংবাদ সম্মেলনে জামানত বাড়ানোর সিদ্ধান্ত বাতিল, প্রার্থীদের বিনা মূল্যে ভোটার তালিকা সরবরাহ, তফসিল ঘোষণার আগেই যাঁরা কোটি কোটি টাকা ব্যয় করেছেন তাঁদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করাসহ পাঁচ দফা দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন।