'নগরপিতা তামাশা ও কৌতুক মনে হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘সিটি করপোরেশনকে নগরের অভিভাবক বলা হয়। মেয়রকে নগরপিতা হিসেবে আখ্যায়িত করা হয়। কিন্তু তা আমার কাছে তামাশা ও কৌতুক বলে মনে হয়। এটি আসলে ঢাল নেই, তলোয়ার নেই, যেন নিধিরাম সর্দারের মতো অবস্থা।’

আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেয়র এ মন্তব্য করেন।
ক্যারিয়ার ফেস্ট উপলক্ষে জবসবিডিডটকম নামের একটি অনলাইন জবপোর্টাল এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। তাদের উদ্যোগে আগামী ৬ ও ৭ মে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ফেস্ট সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলার সহযোগী হিসেবে থাকছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির বলেন, শিক্ষিত তরুণ-তরুণীরা অনেক সময় নিজেদের পছন্দ অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পান না। অনেকে চাকরিও পান না। ফলে তাঁদের মধ্যে হতাশা ভর করে। এতে অনেকে বিপথগামী হয়ে যান। তাই ক্যারিয়ার মেলা তাঁদের জন্য ভালো একটা সুযোগ সৃষ্টি করবে।
মেয়র বলেন, নগরের উন্নয়নে সিটি করপোরেশনের দায়িত্ব ও দায়বদ্ধতা আছে। এতে সমস্যা, বাধা ও প্রতিবন্ধকতাও কম নয়। তবে এসব মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জবসবিডিডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম হাসান বলেন, চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যে যোগাযোগ সৃষ্টি এবং চাকরির সুযোগ সৃষ্টির জন্য এই ক্যারিয়ার ফেস্ট আয়োজন করা হয়েছে। এতে ১০০টির বেশি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় তাৎক্ষণিক সাক্ষাৎকার, জীবনবৃত্তান্ত তৈরির বিষয়ে কর্মশালাসহ বিভিন্ন অনুষ্ঠান থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম।