
‘পরিবর্তন—একটি শক্তিশালী আওয়াজ হিসেবে আমার নির্বাচনী প্রচারণায় ছিল। শুরুতেই আমি তিনটি ক্ষেত্রে পরিবর্তন দেখাতে চাই। একটি ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, যানজট সহনীয় রাখা এবং নিরাপদ নগর গড়তে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। এই ক্ষেত্রগুলোতে পরিবর্তন দেখিয়ে অন্য সব ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করব।’
সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণের পর গতকাল রোববার প্রথম আলোকে দেওয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে আরিফুল হক চৌধুরী তাঁর কর্মপরিকল্পনার কথা জানান। ওই তিন ক্ষেত্রে ‘পরিবর্তন’ কবে নাগাদ দেখা যাবে? প্রশ্নের জবাবে মেয়র আরিফুল হক বলেন, ‘যেদিন দায়িত্ব নিয়েছি, সেদিন থেকেই শুরু হয়ে গেছে। আমি বসে নেই। এই তো গত রাত (শনিবার) প্রায় ১২টা পর্যন্ত নগরের বর্জ্য ব্যবস্থাপনার দিকটি নিজে উপস্থিত থেকে তদারক করেছি। এভাবে সব কাজই আমি সরাসরি তদারক করব। আমার পরিবর্তন—নতুন এক সিলেট নগরবাসীকে উপহার দেওয়া। অচিরেই এমনটি দেখবেন।’
গত ১৫ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৮ দল-সমর্থিত আরিফুল হক চৌধুরী এক লাখ সাত হাজার ৩৩০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র ও ১৪ দল-সমর্থিত প্রার্থী নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ৭২ হাজার ২৩০ ভোট পেয়েছিলেন। ১৮ সেপ্টেম্বর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনকারী সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহজাহানের কাছ থেকে আরিফুল হক চৌধুরী দায়িত্ব গ্রহণ করেন।
মেয়র নির্বাচিত হওয়ার পর আরিফুল হক ১৭ জুন প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে নগর ভবনকে দলের বাইরে রাখবেন বলে জানিয়েছিলেন। গতকালের সাক্ষাৎকারেও তিনি সেই চেষ্টা অব্যাহত রাখবেন বলে দৃঢ়তার সঙ্গে জানান। মেয়র আরিফুল বলেন, ‘ফুটপাত অবৈধ দখলে থাকায় যানজট বেড়েছে। আমি দায়িত্ব নেওয়ার দিনই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করতে নোটিশ দিয়েছি। বিভিন্ন প্রচারমাধ্যমে নিজ থেকে ফুটপাত দখলমুক্ত করার প্রচারণা দেওয়া হচ্ছে। ফুটপাত দখলমুক্ত হলেই কিন্তু যানজট কমে যাবে। তখন যানবাহনগুলোর মধ্যে বৈধ-অবৈধ বিষয়ে খোঁজ নেওয়া সহজ হবে।’
ফুটপাত দখলমুক্ত করার পরই খুদে ব্যবসায়ীদের পুনর্বাসন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করা হবে জানিয়ে মেয়র বলেন, ‘আগে তাঁদের (দখলদার) অবৈধ পন্থা থেকে সরে আসতে হবে। অবৈধ দখল ছেড়ে দিলে অবশ্যই তাঁদের পুনর্বাসন করা হবে।’
নগরের কেন্দ্রস্থলের গয়নার দোকানে হত্যা, লুটসহ নগরে ছিনতাইকারীদের তৎপরতা বন্ধে ‘নিরাপদ নগর’ গড়ার ক্ষেত্রে উদ্যোগী হবেন বলে জানান মেয়র আরিফুল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফুটপাত উদ্ধার, যানজট নিয়ন্ত্রণের পরই আমি আইনশৃঙ্খলার বিষয় নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে বসব।’