'নগরবাসীর সেবায় আরিফুলকে ফিরিয়ে দিন'
‘নগরবাসীর সেবায় নিবেদিতপ্রাণ, নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে নগরবাসীর কাছে ফিরিয়ে দিন’—এমন আহ্বান জানিয়ে গতকাল বুধবার মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছিন্নমূল হকার্স দল।
সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীর মুক্তির দাবিতে গতকাল বিকেলে নগরের জিন্দাবাজার এলাকা থেকে মিছিলটি বের হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হন সংগঠনের কর্মীরা।
মহানগর ছিন্নমূল হকার্স দলের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ আহমদের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, সদস্য মহি মিয়া, আনোয়ার হোসেন, মো. মোক্তার হোসেন, বিলাল রহিম প্রমুখ বক্তব্য দেন। নগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় অধিকতর তদন্তে সম্পূরক অভিযোগপত্রভুক্ত আসামি হলে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ করেন। সেই থেকে তিনি কারাবন্দী।