'নগরের কোনো সড়কে গর্ত হলে সঙ্গে সঙ্গেই সংস্কার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের কোথাও সড়ক ভেঙে গেলে কিংবা কোনো সড়কে গর্ত হলে তা সঙ্গে সঙ্গে সংস্কারের জন্য পর্যবেক্ষক দল গঠন করা হচ্ছে। তারা দ্রুত সড়ক সংস্কারে ব্যবস্থা নেবে। এটি চালু করার পর চট্টগ্রাম নগরের কোনো সড়ক আর ভাঙাচোরা থাকবে না। গতকাল বুধবার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এমন আশাবাদের কথা শোনালেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
নগরের জামালখানে সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত এ সভায় চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোয়াজ্জেমুল হক, হেলাল উদ্দিন চৌধুরী, পংকজ দস্তিদার, ওমর কায়সার, নুরুল আলম, নাজিমুদ্দীন শ্যামল, সালাউদ্দিন রেজা, তপন চক্রবর্তী, হামিদ উল্লাহ, নিরুপম দাশগুপ্ত, মিন্টু চৌধুরী, দ্বৈপায়ন বড়ুয়া, সরোয়ার সুমন প্রমুখ। এ সময় সিটি করপোরেশনের অতিরিক্ত রাজস্ব কর্মকর্তা মানজুর মুহাম্মদ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মেয়র বলেন, তিনটি খাতে সিটি করপোরেশন নাগরিকদের সেবা দিতে বাধ্য। এই তিনটি খাত হলো সড়ক, সড়কবাতি ও বর্জ্যব্যবস্থাপনা। তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে সিটি করপোরেশন ৪১টি ওয়ার্ডের মধ্যে কাঁচা রাস্তা থাকবে না। সব রাস্তা পাকা করা হবে। নগরের সব সড়কবাতিকে এলইডি লাইটে রূপান্তরিত করা হবে। এর মধ্যে দুই কিলোমিটার রাস্তার সড়কবাতিগুলো জ্বলবে সৌরবিদ্যুতে।
মেয়র বলেন, যেসব কাজের জন্য করপোরেশনের দায় আছে সেসব ছাড়াও সিটি করপোরেশন বাড়তি অনেক দায়িত্ব কাঁধে নিয়েছে। বাড়তি কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। শিক্ষা খাতে সিটি করপোরেশন প্রতিবছর ৪২ কোটি টাকা ভর্তুকি দেয়, আর স্বাস্থ্য খাতে ভর্তুকি দেয় ১৩ কোটি টাকা। এই বিপুল ব্যয়ভার বহন করতে সিটি করপোরেশনের প্রধান নির্ভরতা হলো হোল্ডিং ট্যাক্স।
হোল্ডিং ট্যাক্স নিয়ে চট্টগ্রামবাসীর মনের বিভ্রান্তি দূর করা প্রয়োজন বলে উল্লেখ করে মেয়র বলেন, হোল্ডিং ট্যাক্স (গৃহকর) নিয়ে ভুল-বোঝাবুঝি চলছে। এ নিয়ে কেউ কেউ জনগণকে বিভ্রান্ত করারও চেষ্টা করছে। প্রতি পাঁচ বছর পর হোল্ডিং ট্যাক্স পর্যালোচনা করা হয়। কীভাবে কর নির্ধারণ হবে, কত হবে সবকিছু নির্ধারণ করে সরকার। এতে করপোরেশনের কিছুই করার নেই। সিটি করপোরেশনের বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে হোল্ডিং ট্যাক্স আদায় করা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। এরপরও আর্থিক অবস্থা বিবেচনায় এনে অসচ্ছল পরিবারগুলোকে ছাড় দেওয়া হবে। আর যাঁরা বিত্তবান, তাঁদের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
মেয়র জানান, এখন সাতটি ওয়ার্ডে ঢাকনাওয়ালা বিন (ময়লার ঝুড়ি) বিতরণ চলছে। কিছু কিছু ওয়ার্ডে বিতরণ শেষ। ধাপে ধাপে পুরো করপোরেশন এলাকার প্রতিটি ঘরে ঘরে বিন বিতরণ শেষ হলে শুরু হবে আসল কাজ। সিটি করপোরেশনের নিজস্ব লোক ঘরে ঘরে গিয়ে আবর্জনা সংগ্রহ করবে। তিনি বলেন, জনগণের সচেতনতা ছাড়া শহরকে পরিষ্কার রাখা সম্ভব হবে না। এ জন্য প্রতিটি ঘর থেকে আবর্জনা সংগ্রহ করার পাশাপাশি যেখানে-সেখানে যখন-তখন ময়লা-আবর্জনা না ফেলার জন্য ব্যাপকভাবে প্রচারকাজ চালাতে হবে। প্রয়োজনে প্রতিটি মানুষের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হবে।
ফুটপাত দখল, যানজট, বিলবোর্ডসহ নগরের বিভিন্ন সমস্যা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, এ শহরে বস্তিবাসীর সংখ্যা প্রায় ১০ লাখ। তাঁরা তো বড় বড় বিপণিকেন্দ্রগুলো থেকে বাজার করতে পারেন না। তাঁদের কেনাকাটা চলে ফুটপাতে হকারদের দোকানে। তাই সেসবের প্রয়োজনীয়তা আছে। তবে সেটি একটি শৃঙ্খলার মধ্যে চলতে হবে। ফুটপাতগুলোতে দোকানদারি করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হবে। সেই সময়ের মধ্যে ফুটপাতে কেনাকাটা চলবে, বাকি সময় মুক্ত থাকবে।