'নগর' অ্যাপে নাগরিক সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আনুষ্ঠানিকভাবে ডিজিটাল মোবাইল অ্যাপ ‘নগর’ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে নাগরিক সেবা বিষয়ে তথ্য পাওয়া যাবে। অভিযোগ বা মতামত সরাসরি সিটি করপোরেশনকে জানানো যাবে। কোনো ভোগান্তির বর্তমান অবস্থার ছবি তুলে পাঠানো যাবে সিটি করপোরেশনের কাছে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপটি উদ্বোধন করা হয়। ডিএনসিসির উদ্যোগে বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) আরবান ল্যাব ‘নগর’ অ্যাপটি তৈরি করেছে।

 প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই অ্যাপ দেখে মনে হচ্ছে, প্রযুক্তি জীবনকে অনেক সহজ করে দিচ্ছে। অ্যাপটির মাধ্যমে সিটি করপোরেশনের অনেক সুবিধা সহজে পাওয়া যাবে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সহায়তা করবে এই অ্যাপ।

নগর অ্যাপটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে মনে করেন মেয়র আনিসুল হক। তিনি বলেন, এখন অভিভাবকদের কাছে গুরুত্বপূর্ণ ইস্যু সন্তানের নিরাপত্তা। পরিষ্কার, নিরাপদ, সবুজ, যানজটমুক্ত ঢাকা গড়তে ডিএনসিসি কাজ করে যাচ্ছে। ঢাকা বদলাচ্ছে। রাজধানীবাসী আগামী তিন বছরের মধ্যে একটি ভিন্ন ঢাকা দেখতে পাবে বলে তিনি আশ্বস্ত করেন।

বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং জনগণকে ইন্টারনেট ব্যবহারে উৎসাহী করতে সরকার ইন্টারনেট সংযোগ সর্বত্র ছড়িয়ে দিয়েছে, ব্যবহারের খরচ কমিয়েছে এবং জনগণের প্রয়োজনীয় সেবা ইন্টারনেটের মাধ্যমে দিচ্ছে। ২০০৯ সালে দেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ১০ লাখ। বর্তমানে তা ছয় কোটি ছাড়িয়েছে।

অনুষ্ঠানে অ্যাপ বানানোর প্রেক্ষাপট তুলে ধরেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জামিল আজহার। নগর অ্যাপের খুঁটিনাটি বিষয় তুলে ধরেন নাগরিক টেলিভিশনের প্রধান পরিচালন কর্মকর্তা আব্দুন নূর তুষার। অ্যাপটির মাধ্যমে এলাকার রাস্তা, সড়কবাতি, বর্জ্য, ড্রেনেজ, মশা, অবৈধ দখল, ঘুষ ও দুর্নীতি—এই সাতটি অভিযোগ বা মতামত সরাসরি সিটি করপোরেশনে পাঠানো যাবে। মোবাইলে ছবি তোলার পর তা স্বয়ংক্রিয়ভাবে কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে। সিটি করপোরেশনের প্রধান কার্যালয়সহ বিভিন্ন জোনে থাকা বড় পর্দায় প্রতিটি অভিযোগ ও মতামত দেখা যাবে। অভিযোগের প্রকার বিশ্লেষণ করে সিটি করপোরেশন যে সমাধানের উদ্যোগ নেবে, সেটিও জানা যাবে। সমস্যার সমাধান হলে অভিযোগকারী স্বয়ংক্রিয়ভাবে বিষয়টি জেনে যাবেন।

নাগরিক সেবাবিষয়ক তথ্য ছাড়াও নগর অ্যাপের নিরাপত্তা ফিচার ব্যবহার করে প্রিয়জনের গতিবিধি ও অবস্থান জানা যাবে। কেউ বিপদে পড়লে মাত্র তিন সেকেন্ড অ্যাপের ‘সেভ আওয়ার সোল বা এসওএস’ আইকন চেপে ধরলে স্যাটেলাইটের সহায়তায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও নিকটস্থ পুলিশের কাছে বিপৎসংকেত বেজে উঠবে। আক্রান্ত ব্যক্তির ছবি, অবস্থান ও কণ্ঠ স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে তার পরিবারের সদস্যদের কাছে। অ্যাপটির ট্র্যাকিং সুবিধা ব্যবহার করে প্রিয়জনের গতিবিধি ও অবস্থান জানা যাবে। অ্যাপটির মাধ্যমে নিকটস্থ হাসপাতাল, পুলিশ স্টেশন, বাসস্টপ, ফায়ার সার্ভিস, এটিএম বুথসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের ঠিকানা জানা যাবে।

গুগল প্লে-স্টোর থেকে বিনা মূল্যে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করে রেজিস্ট্রেশন করার মাধ্যমে যে কেউ এটি ব্যবহার করতে পারবেন। অ্যাপটি ব্যবহার করতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে।