'নগর' অ্যাপে সাড়া কম নগরবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কোনো ভোগান্তির বিষয়ে অভিযোগ, মতামত বা নাগরিক সেবা বিষয়ে তথ্য দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) চালু করেছে ডিজিটাল মোবাইল অ্যাপ ‘নগর’। পাঁচ মাস আগে চালু হলেও অ্যাপটির সব সুবিধা এখনো কার্যকর করতে পারেনি ডিএনসিসি। অ্যাপটির প্রতি নগবাসীর সাড়াও কম।
ডিএনসিসির হিসাবে, গত রোববার নগর অ্যাপে মোট ১ হাজার ৬৩২টি অভিযোগ জমা ছিল। এর মধ্যে সমাধান করা হয়েছে ৪০২টি। আর অধিকাংশ অভিযোগ এখনো দেখেননি সিটি করপোরেশনের কর্মকর্তারা। ডিএনসিসির অঞ্চল-৩-এ অভিযোগ জমা পড়েছে ৩৬৩টি। এর মধ্যে সমাধান হয়েছে মাত্র ১০টির। ডিএনসিসি সূত্রে জানা যায়, গত পাঁচ মাসে গুগল প্লেস্টোর থেকে প্রায় ১১ হাজারবার নগর অ্যাপটি ডাউনলোড করা হয়েছে।
তবে উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে অ্যাপটি। ডিএনসিসির বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মো. আজাদুর রহমান প্রথম আলোকে বলেন, অ্যাপটিতে প্রতিনিয়ত বিভিন্ন বিষয় ইনপুট দেওয়া হচ্ছে। জনগণ বিভিন্ন সমস্যার বিষয়ে অ্যাপে জানাচ্ছেন। তবে অনেকে অপ্রাসঙ্গিক ও ডিএনসিসির সীমানার বাইরের সমস্যাও পাঠান। অ্যাপটি আইফোনে ব্যবহারের উপযোগী করার চেষ্টা করা হচ্ছে। ২০১৬ সালের ২ আগস্ট ডিএনসিসি কর্তৃপক্ষ চালু করে মোবাইল অ্যাপ নগর। ডিএনসিসির উদ্যোগে বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) আরবান ল্যাব নগর অ্যাপটি তৈরি করেছে। গুগল প্লেস্টোর থেকে বিনা মূল্যে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করে নিবন্ধন করার মাধ্যমে যে কেউ এটি ব্যবহার করতে পারেন। অ্যাপটি ব্যবহার করতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকতে হয়।
এই অ্যাপের মাধ্যমে এলাকার সড়ক, সড়কবাতি, বর্জ্য, ড্রেনেজ, মশা, অবৈধ দখল, ঘুষ ও দুর্নীতি—এ সাতটি বিষয়ে অভিযোগ বা মতামত সরাসরি সিটি করপোরেশনে পাঠানো যায়। মুঠোফোনে ছবি তোলার পর তা স্বয়ংক্রিয়ভাবে কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায়। সিটি করপোরেশনের প্রধান কার্যালয়সহ বিভিন্ন জোনে প্রতিটি অভিযোগ ও মতামত দেখা যায়। অ্যাপটি ব্যবহার করে অনেকেই এলাকার সমস্যা সিটি করপোরেশনকে জানানোর চেষ্টা করছেন। তবে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়ে ব্যবহারকারীরা খুব বেশি সন্তুষ্ট নন। অনিকুর রহমান খান থাকেন মোহাম্মদপুরের হুমায়ুন রোডে। গত ডিসেম্বরে সিটি করপোরেশনের পয়োনিষ্কাশনের নালা থেকে ময়লা পানি বেরিয়ে এসে তাঁর বাসায় ছড়িয়ে পড়ে। তিনি বিষয়টি নগর অ্যাপে ছবিসহ জানান। অভিযোগ জানানোর দুদিন পরে সিটি করপোরেশন থেকে সাড়া দেওয়া হয়। গতকাল বুধবার অনিকুর প্রথম আলোকে বলেন, ‘অ্যাপটির বিষয়ে আমি সন্তুষ্ট না। অভিযোগ জানানোর দুই-তিন দিন পরে সাড়া দিলে কীভাবে হবে। অভিযোগ পৌঁছানোর ৩০ মিনিট থেকে ১ ঘণ্টার মধ্যে সিটি করপোরেশন সাড়া দিলে ভালো হয়।’ অভিযোগ বা মতামত জানানোর পাশাপাশি নাগরিক সেবাবিষয়ক তথ্য ও নিকটস্থ হাসপাতাল, পুলিশ স্টেশন, বাসস্টপ, ফায়ার সার্ভিস, এটিএম বুথসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের ঠিকানাও এই অ্যাপের মাধ্যমে জানা যাবে।
তবে অ্যাপটির সব সুবিধা এখনো চালু হয়নি। চালু না হওয়া সুবিধাগুলোর মধ্যে নিরাপত্তা ফিচারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ফিচার ব্যবহার করে প্রিয়জনের গতিবিধি ও অবস্থান জানা যাবে। কেউ বিপদে পড়লে মাত্র ৩ সেকেন্ড অ্যাপের ‘সেভ আওয়ার সোল বা এসওএস’ আইকন চেপে ধরলে স্যাটেলাইটের মাধ্যমে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও নিকটস্থ পুলিশের কাছে বিপৎসংকেত বেজে উঠবে। অ্যাপের সব সুবিধা চালু করতে না পারার বিষয়ে লে. কর্নেল মো. আজাদুর রহমান বলেন, সব ধরনের প্রস্তুতি নিয়েই অ্যাপটি চালু করা হয়েছে। নিরাপত্তা ফিচারটি বেশি সংবেদনশীল হওয়ায় এটি চালু করার আগে আরও পরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। নিরাপত্তা ফিচারটি চালুর বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন একটু বুঝে-শুনে এগোতে চাচ্ছে।