'নতুন কাপড় পাইয়া ঈদের দিনহান মোগ ভালাই গ্যালো...'

মাদারীপুরের শিবচরে পদ্মার চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত আয়তুন বেগম ঈদের দিন নতুন শাড়িটা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘নতুন কাপড় পাইয়া ঈদের দিনহান মোগ ভালাই গ্যালো। এই কালের প্রথম কেউ মোগ বাড়িতে আইয়া হাতে শাড়ি দিল। এ বছরকা মাইনষের পরনের পুরাইনা কাপড় পিন্দে দিন পার করছি। এখন নতুন কাপড় পিন্দা ঈদ করুম। এইয়া মোগ কাছে মেলা আনন্দের।’
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ত্রাণসামগ্রী নিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে তৃতীয়বারের মতো দাঁড়িয়েছে মাদারীপুর বন্ধুসভা। কর্মসূচির এই অংশ হিসেবে আজ শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের তিনটি গ্রাম ও মাদবরেরচর ইউনিয়নের দুটি গ্রামে বন্যাদুর্গতপূর্ণ এলাকা ঘুরে নারীদের জন্য ৮০টি শাড়ি ও পুরুষদের জন্য ৮০টি লুঙ্গি বিতরণ করেছেন বন্ধুসভার সদস্যরা। ঈদুল আজহার এই বিশেষ দিনের অর্ধেক সময়টা বন্যাদুর্গত মানুষকে দিতে পেরে গর্বিত বন্ধুসভার সদস্যরা।
সন্ন্যাসীরচর ইউনিয়নের চরবাঁচামারা গ্রামের বাসিন্দা হালিমা বেগম নতুন শাড়ি পেয়ে বলেন, ‘পদ্মার পানি ঘরের সব ভাসাইয়া নিয়া গেইছে। দুইখান কাপড় এবেলা-ওবেলা কইরা পিন্দি। কয়েকজন লোক মোগ ডাইল চাউল দিছিল ঠিকই, কিন্তু মোরে কেউ একখান শাড়ি দেয় নাই। তোমরা আইজ ঈদের দিনকা একখান শাড়ি দিয়া মোর পরান ভরাইয়া দিলা।’
বন্যায় জমির ফসল নষ্ট হয়েছে কৃষক সিকিম মৃধার। বাড়ি মাদবরেরচর ইউনিয়নের মল্লিককান্দি গ্রামে। তিনি বলেন, ‘বন্যায় পানিতে ভিইজা থাকায় মোর পড়নের লুঙ্গি পঁইচা গেইছে। ছেড়া-ফাটা লুঙ্গি পইড়া থাকতে হয়। ঈদের দিন নতুন লুঙ্গি পরুম ভাবি নাই। আইজ মুই মেলা খুশি।’
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা মাদারীপুরের উপদেষ্টা জহিরুল ইসলাম খান, মানবসম্পদবিষয়ক সম্পাদক বাঁধন খান, ক্রীড়াবিষয়ক সম্পাদক অজয় রায়, সদস্য আসমা আক্তার, দোলা রায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি গিয়াস মৃধা, শাহাদাৎ হোসেন, আবুল খায়ের ও ইমতিয়াজ আহমেদ প্রমুখ।
শিবচরে পদ্মা নদীর মধ্যে চরাঞ্চল মাদবরেরচর, কাঁঠালবাড়ি, বন্দরখোলা ও চরজানাজাত ইউনিয়নের প্রায় আট শতাধিক পরিবার নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত।