'নতুন জীবন ফিরি পাইলাম'
‘এত দিন পর বাড়ি যাইছি। মনে হয়ছে, নতুন জীবন ফিরি পাইলাম। আমার কাছে ঈদের আনন্দের মতো মনে হয়ছে। আবার যন্ত্রণাও আছে অনেক। আমার তিন ভাই পুড়ি মরছে। এই কথা ভাবলি, কান্দন আহে।’
দিনাজপুরে একটি চালকলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক বাদল আলী গতকাল সোমবার বেলা ১১টার দিকে এসব কথা বলেন। তিনি প্রায় পৌনে দুই মাস রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন। এখন সুস্থ হয়ে সদর উপজেলার ভবানীপুর গ্রামের বাড়ি ফিরছেন। হাসপাতাল ছাড়ার সময় তাঁর অনুভূতি ব্যক্ত করেন। এ সময় পাশে থাকা তাঁর স্ত্রী রোকসানা বেগম বলেন, ‘ওমরা (স্বামী) বাঁচি উঠিছে এইটাই ভাগ্য। এখন কেমন করি সংসার চলবে তা বুঝি উঠপার পারি নাই।’
দিনাজপুর শহরের রানীগঞ্জ এলাকার ওই চালকলের বয়লার বিস্ফোরণে ১৯ জন দগ্ধ হন। তাঁদের মধ্যে মাত্র দুজন বেঁচে আছেন। অন্য ১৭ জনই মারা গেছেন। তাঁদের মধ্যে বাদলের তিন ভাই রয়েছেন। তাঁরা হলেন মোকসেদ, রোস্তম ও দেলোয়ার।
বাদলের ছেলে রুমন ইসলাম দিনাজপুর সরকারি কলেজে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি বলেন, ‘আমার একটা চাকরি হলে খুব ভালো হতো। তা না হলে সংসার ও পড়াশোনা কেমন করে চলবে?’
ভয়াবহ ওই দুর্ঘটনার শিকার ভবানীপুর গ্রামেরই আনিসুর রহমান নামের আরেক শ্রমিক সুস্থ হয়ে উঠেছেন। তিনিও রংপুর মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। গতকাল একই সঙ্গে তিনিও বাড়ি ফিরে গেছেন। আনিসুরের এক ছেলে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে ও আরেকজন পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। স্বামী বেঁচে আছেন এতেই আনিসুরের স্ত্রী কোহিনুর বেগম বেশ আনন্দিত। কিন্তু সংসার কী করে চলবে, খাওয়া-পরা ও ছেলেদের পড়াশোনার খরচ কী করে জুটবে, এসব দুশ্চিন্তা তাঁকে তাড়া করছে। তিনি বলেন, ‘চিকিৎসার পর স্বামী বাঁচি আছে, এইটায় কপাল। কিন্তু দুই ছইলোক নিয়া সংসার কেমন করি চলবে, এইটা ভাবলে শরীরটা মনে হয় অবশ হয়া যায়। ছইল দুইটার জন্যে কাঁয়ো যদি সাহায্য করিল হয়।’
শহরের রানীগঞ্জ এলাকায় সুবল ঘোষের যমুনা অটো রাইস মিলে ১৯ এপ্রিল বেলা ১১টায় বয়লার বিস্ফোরণ ঘটে। পরে ১৯ জনকে দগ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ১৭ জনই মারা যান। এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানায় চালকলের মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের একজনও এখন পর্যন্ত গ্রেপ্তার হননি। পুলিশ বলছে, আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মারুফুল ইসলাম বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেছি সবাইকে সুস্থ করে তুলতে। কিন্তু ১৭ জনকে বাঁচানো সম্ভব হয়নি। অনেক চিকিৎসা দিয়ে মাত্র দুজনকে বাঁচানো গেছে। তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, এটিই আমাদের জন্য আনন্দের।’