'নতুন নির্বাচন' এ দেশের অভ্যন্তরীণ বিষয়: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যান মজীনা
ড্যান মজীনা

মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বাংলাদেশে নতুন নির্বাচনের জন্য সংলাপ আয়োজনের আহ্বান থেকে সরে এসেছেন। নতুন করে নির্বাচন আয়োজনকে বাংলাদেশের ‘অভ্যন্তরীণ বিষয়’ হিসেবে অভিহিত করেছেন ড্যান মজীনা।

গতকাল রোববার রাজধানীতে ডিকাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের নির্বাচন নিয়ে এ মন্তব্য করেন। ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) এ অনুষ্ঠানের আয়োজক। ডিকাবের সভাপতি মাইনুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার।

৫ জানুয়ারির একতরফা নির্বাচন নিয়ে বরাবরই সমালোচনামুখর ওয়াশিংটন। এ নির্বাচনকে ‘অত্যন্ত ত্রুটিপূর্ণ’ হিসেবে মন্তব্য করে মার্কিন প্রশাসন। তাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসে নির্বাচন নিয়ে মতপার্থক্য দূর করতে অব্যাহতভাবে আহ্বান জানিয়ে এসেছে দেশটি। মজীনাও বিভিন্ন সময়ে তাঁর বক্তব্যে সংলাপে বসার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন।

নতুন নির্বাচনের ব্যাপারে বিএনপির দাবি, আর বিএনপির দাবি প্রত্যাখ্যান করে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে জানতে চাইলে ড্যান মজীনা বলেন, ‘আমি মনে করি এটি (নতুন নির্বাচন) বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের রাজনৈতিক দল ও জনগণের বিষয়টির সুরাহা করা উচিত। কোনো একপর্যায়ে এসে তাঁরা বিষয়টির সমাধান করতে পারবেন।

ড্যান মজীনা অবশ্য বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিষয়টি সুরাহা করতে পারলে বিদেশি বন্ধুরা বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। যখন তারা (রাজনৈতিক দলগুলো) উদ্যোগ নেবে, যে ধরনের সহায়তা লাগবে তা দিতে বাংলাদেশের বন্ধুরা তৈরি থাকবে।

শেখ হাসিনার সরকারকে উৎখাত করে বাংলাদেশে জাতীয় সরকার প্রতিষ্ঠার জন্য মার্কিন একটি গোয়েন্দা সংস্থা তৎপর বলে একটি অনলাইন পত্রিকার প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আর্কষণ করা হলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আপনারা জানেন, আমিও জানি এটা ফালতু (ট্র্যাশ)।

রাশিয়ার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসা পরিচালনার ঝুঁকি সম্পর্কে মার্কিন সতর্কবার্তা সম্পর্কে জানতে চাইলে ড্যান মজীনা বলেন, ‘সত্যি বলতে কি, এটি একটি আইনি বিষয়, এর উত্তর আমার জানা নেই। তবে যুক্তরাষ্ট্র মনে করে, সব দেশের এ ক্ষেত্রে অভিন্ন অবস্থান থাকা উচিত।’

নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা না করতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে সম্প্রতি সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। কারণ, রাশিয়ার ওই সব প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান ব্যবসায় জড়াবে, তাদেরও নিষেধাজ্ঞার কবলে পড়ার ঝুঁকি থাকবে।

মার্কিন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের ৬৪টি জেলা ঘুরে দেখার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন ড্যান মজীনা। ২০১১ সালের নভেম্বরে ঢাকায় পৌঁছে মজীনা সাংবাদিকদের জানান, বাংলাদেশ ঘুরে দেখা তাঁর স্বপ্ন।

নতুন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত তাঁকে ঢাকায় থাকতে বলা হয়েছে বলে জানান মজীনা।