বেলা সাড়ে ১১টা। চট্টগ্রাম নগরের লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একদল শিশু দোতলার সিঁড়ি ভেঙে নিচে নেমে আসছে। সবার হাতে নতুন বই। তাদের মধ্যে সবচেয়ে ছোট আসাদুজ্জামান। বুকের মধ্যে বই আগলে ধরে লাফিয়ে লাফিয়ে নামছিল সে। নতুন বই পেয়ে কেমন লাগছে জানতে চাইলে সে বলল, ‘খুব ভালো লাগছে। খুব আনন্দ লাগছে।’ লালখান বাজার টাংকির পাহাড় বস্তিতে থাকে আসাদুজ্জামান। বাবা দরজির কাজ করেন। আর মা পোশাকশ্রমিক। গতকাল বৃহস্পতিবার বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে আসাদুজ্জামানের মতো সব শিশুই নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে।
লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদ ইকবাল পারভেজ প্রথম আলোকে বলেন, ‘আমরা সকাল নয়টা থেকে দুই পালায় বেলা দুইটা পর্যন্ত প্রায় শতভাগ শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়েছি।’ যারা কোনো কারণে বিদ্যালয়ে আসতে পারেনি, তারা পরে এলেও বই পাবে। এ বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এক হাজার ৩৩১ জন শিক্ষার্থী রয়েছে।
সকাল পৌনে নয়টা। নগরের জামাল খান এলাকার ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে অপেক্ষা করছিল শিশু থেকে পঞ্চম শ্রেণীর শিশুরা। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র নূর হোসেন জানায়, নতুন বই পাওয়ার আশায় খুব ভোরে ঘুম থেকে উঠেছে। সকাল আটটার মধ্যেই এনায়েত বাজারের বাসা থেকে বিদ্যালয়ে ছুটে আসে। এ ছাড়া নগরের পূর্ব টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কাট্টলী জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোস্তফা হাকিম কেজিএন উচ্চবিদ্যালয়ে গিয়েও ছাত্রছাত্রীদের বই উৎসবে মেতে থাকতে দেখা যায়।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, গতকাল চট্টগ্রামের তিন হাজার ৯০৩টি বাংলা সংস্করণ এবং ১১ উপজেলার ৪৮টি ইংরেজি সংস্করণের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। এদিকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় নগরের নয়টি সরকারি বিদ্যালয়সহ সব কটি বিদ্যালয়ে সুষ্ঠুভাবে বই বিতরণের বিষয়টি নিশ্চিত করেছে।
আনুষ্ঠানিকভাবে বই বিতরণ: গতকাল সকাল সাড়ে ১০টায় নগরের আইস ফ্যাক্টরি সড়কের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে আয়োজন করা হয় বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তানভীর আহমেদ সিদ্দিকী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা, পিটিআইয়ের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।