‘নতুন বইয়ের গন্ধডা খুব ভালা লাগতাছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছর। নতুন শ্রেণী। গতকাল রোববার বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে অপরাজিতা বলে, ‘নতুন বইয়ের গন্ধডা খুব ভালা লাগতাছে।’ অপরাজিতা ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের সরকারি আল আজহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।এই বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও নতুন বই পেয়ে দারুণ খুশি। খুদে শিক্ষার্থীরা নতুন বই হাতে নিয়ে উল্টে-পাল্টে দেখে। কখনো বুকে জড়িয়ে ধরে। আবার নাকের কাছে নিয়ে গন্ধ শোঁকে। একজন আরেকজনের দিকে তাকিয়ে আনন্দময় হাসে। শিশুশিক্ষার্থীদের এ আনন্দ শিক্ষক ও কর্মকর্তাদের মাঝেও ছড়িয়ে পড়ে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল হামিদ মিয়া, শিক্ষা কর্মকর্তা এমদাদুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।