চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় উচ্চবিদ্যালয় প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতার আঞ্চলিক আসর। বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আয়োজক চুয়েটের কম্পিউটার কৌশল বিভাগ। চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম ও রাঙামাটির বিভিন্ন কলেজ ও উচ্চবিদ্যালয়ের ১ হাজার ২০০ শিক্ষার্থী এতে অংশ নেয়।
গতকাল শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে মুহম্মদ জাফর ইকবাল বলেন, মনে রাখতে হবে, জীবনে পুরস্কার সবকিছু নয়। নতুন সহস্রাব্দের সম্পদ হলো জ্ঞান। বাংলাদেশের চার কোটি স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীর করা অঙ্ক, ছবি, কবিতা আর প্রোগ্রামিংয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই দেশের দায়িত্ব নিয়ে অপ্রতিরোধ্য বাংলাদেশ গড়বে। তোমরা যে বিষয়ে আগ্রহ খুঁজে পাও, সেটাতেই নিজের সেরাটা ঢেলে দাও। তোমাদের ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো কথা নেই, তবে কম্পিউটার প্রোগ্রামিংটা তোমরা ছেড়ো না।’
অনুষ্ঠানে চুয়েটের উপাচার্য বলেন, সামনে বাংলাদেশের জন্য সুন্দর দিন অপেক্ষা করছে। তোমাদের হাত ধরেই সেই সুদিন আসবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম, গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের নিয়ন্ত্রক আবুল মনসুর মোহাম্মদ সারফ্ উদ্দিন, সহকারী সচিব আর এইচ এম আলাউল কবির, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেবময় দেওয়ান, মুঠোফোন সেবাদাতা রবির আঞ্চলিক ব্যবস্থাপক এস এম জাহিদুল ইসলাম এবং চুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ মশিউল হক।
প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ী ২৬ জনকে এবং কুইজ প্রতিযোগিতায় ৭৬ জনকে সনদ ও পদক দেওয়া হয়।