‘নদী ছুঁইয়ে নদী রক্ষার শপথ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত থেকে নেমে আসা নদী সারী। স্বচ্ছ নীল জলধারার এ নদী দর্শনার্থীদের কাছে ‘সিলেটের নীল নদ’ নামে পরিচিত। সারীর একটি শাখা লালাখাল ঘিরে পর্যটকদের বড় আকর্ষণ। সারী না থাকলে সিলেট অঞ্চলের সব নদীর শাখা-প্রশাখা বিপন্ন হবে জানিয়ে সারীর মধ্যবর্তী এলাকার বাসিন্দা নিজপাট ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস শুকুর বলেন, ‘সব নদীর প্রাণ সারী। সারী না থাকলে মানুষের আহাজারির কোনো শেষ থাকব না।’ এ রকম ‘আহাজারি’র কথা সারীসহ শাখা-প্রশাখার নদীর তীরের সচেতন লোকজনের মুখে মুখে। ভারতের মেঘালয়ে সারীর উৎসমুখে জলবিদ্যুৎকেন্দ্রের বাঁধ হওয়ায় ভবিষ্যৎ আশঙ্কার কথা সর্বসাধারণকে জানাতে আজ বুধবার আন্তর্জাতিক নদী রক্ষা দিবসে ‘নদী ছুঁইয়ে নদী রক্ষার শপথ’ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সারী নদী বাঁচাও আন্দোলন। সংগঠন সূত্র জানায়, সিলেট বিভাগের চার জেলায় ২৭টি নদী। সব নদীর উৎস বিভিন্ন শাখা-প্রশাখার মাধ্যমে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা। সিলেটের জকিগঞ্জ উপজেলার অমলসিদ এলাকা থেকে বরাক নদ বাংলাদেশের সুরমা ও কুশিয়ারা এবং জৈন্তাপুরের সারী নদী হয়ে অন্যান্য শাখা নদীর মিলন ঘটেছে। টিপাইমুখে বাঁধ হলে প্রধান নদী সুরমা-কুশিয়ারা বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। সারীর উৎসমুখে মেঘালয়ের মাইথ্রু নদীতে জলবিদ্যুৎকেন্দ্রের চারটি বাঁধের মধ্যে একটির উদ্বোধন গত ২৯ ফেব্রুয়ারি হওয়ায় উৎকণ্ঠা সর্বসাধারণ পর্যায়ে ছড়িয়ে পড়েছে। নদীর নিয়ে এ রকম উৎকণ্ঠার পরিপ্রেক্ষিতে সিলেটের প্রধান নদী সুরমার তীরে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে আজ বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচির পক্ষে সংহতি স্বাক্ষর শুরু হবে। বেলা তিনটায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় সারী ঘাটে পালন করা হবে ‘নদী ছুঁইয়ে নদী রক্ষার শপথ’। এতে নদীসচেতন মানুষজন ছাড়াও সারী নদীর তীরের সাধারণ মানুষজন একাত্ম হওয়ার প্রচারণা গত সোমবার থেকে শুরু হয়েছে।নদী রক্ষা দিবসে ব্যতিক্রমধর্মী এ কর্মসূচি সম্পর্কে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, ‘সিলেটের নদ-নদীগুলো এমনিতেই নাব্যতাসংকটসহ নানাবিধ সমস্যায় পড়ে বিপন্নদশা, এ অবস্থায় যদি উজানে বাঁধ দেওয়া হয়, তাহলে নদী আর নদী থাকবে না।’ তিনি প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সরকারের কূটনৈতিক উদ্যোগ গ্রহণে দীর্ঘসূত্রতার প্রতিবাদ নদী রক্ষার শপথ কর্মসূচির মাধ্যমে তুলে ধরা হবে।’