'নদীভাঙনে বিলীন হবে ৩ হাজার ২২২ হেক্টর জমি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর দেশের ৩ হাজার ২২২ হেক্টর জমি নদীভাঙনের কবলে বিলীন হয়ে যাবে। হারিয়ে যাবে ৩২২ হেক্টর জমির বসতভিটা। সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিকাল ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

গবেষণায় নদীভাঙন–বিষয়ক পূর্বাভাসে বলা হয়, ২ হাজার ৪৭০ মিটার বেড়িবাঁধ, ২৩৫ মিটার জেলা সড়ক, ৪৭৪ মিটার উপজেলা সড়ক, ৩ হাজার ৮০০ মিটার গ্রামীণ সড়ক, ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান, আটটি হাটবাজার, একটি সরকারি ও একটি বেসরকারি অফিস, দুটি স্বাস্থ্যকেন্দ্র ও ২৫টি মসজিদ ও মন্দির ভাঙনের কবলে পড়তে পারে।

আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। গবেষণায় যমুনা, গঙ্গা ও পদ্মার তীরভাঙন–বিষয়ক পূর্বাভাসে এসব কথা বলা হয়।

গবেষণার প্রধান সমন্বয়কারী সিইজিআইএসের উপনির্বাহী পরিচালক মমিনুল হক সরকার গবেষণার ফলাফল উপস্থাপন করেন।

মমিনুল হক সরকার বলেন, ‘গত বছর আমরা নদীভাঙন–বিষয়ক একই ধরনের পূর্বাভাস দিয়েছিলাম। যার বেশির ভাগই বাস্তবে ঘটেছে। এই ধরনের পূর্বাভাসকে ব্যবহার করে আমরা আমাদের সম্পদ, জীবন ও জীবিকা রক্ষায় উদ্যোগ নিতে পারি।’