‘নদী ভাঙে, হামারও কপাল ভাঙি নিয়া যায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গান্নারপাড়, ধামুর ও মীরপাড়া এলাকায় নদীভাঙনে গত এক মাসে প্রায় ৫০ একর আবাদি জমি ও শতাধিক বাড়িঘর বিলীন হয়েছে। ভাঙনের আশঙ্কায় অনেক পরিবার তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে।এদিকে ভাঙনের কারণে সদর ইউনিয়নের গান্নারপাড় এলাকা থেকে কোলকোন্দ ইউনিয়নের মীরপাড়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকার তিনটি স্থানে তিস্তা নদীর মূল প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে।গত মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, মূল বাঁধ রক্ষায় গান্নারপাড় এলাকায় ২০০৯ সালে দুই কোটি ২০ লাখ টাকায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রায় এক হাজার ২০০ ফুট দীর্ঘ আরেকটি বাঁধ নির্মাণ করে। নির্মাণের পর থেকে এ পর্যন্ত এই বাঁধটির অধিকাংশ বন্যায় ধসে গেছে। এখন বাঁধটির প্রায় ৫০ ফুট টিকে আছে।এদিকে গান্নারপাড়, ধামুর ও মীরপাড়া এলাকায় নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে সম্প্রতি এলাকাবাসী পাউবোর রংপুর কার্যালয়ে আবেদন করেছেন। কিন্তু মূল বাঁধ রক্ষায় এখনো কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। গান্নারপাড় এলাকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘গত কয়েক বছরে তিনবার বসতবাড়িসহ আবাদি জমি নদীর ভাঙনোত শেষ হয়া গেইছে। এবারও মনে হয় বাড়িঘর ভাঙা লাগবে।’ ধামুর এলাকার বাদশা মিয়া বলেন, ‘নদী ভাঙে হামারও কপাল ভাঙি নিয়া যায়।’ একই এলাকার মোস্তাফিজুর রহমান, নূর হোসেন, অনোয়ার হোসেনসহ অনেকেই এমন অসহায়ত্বের কথা জানান।গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অনোয়ারুল ইসলাম বলেন, গত বছর স্থানীয় জনগণ গান্নারপাড় এলাকায় বাঁশ দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করেছিলেন। কিন্তু তা আর টেকেনি। প্রতিবছর অনেক পরিবার নদীভাঙনে নিঃস্ব হয়ে পড়ছে। কোলকোন্দ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন আহমেদ বলেন, বছরের পর বছর নদী গ্রাস করছে মীরপাড়া এলাকার আবাদি জমি ও বসতভিটা। এতে শত শত মানুষ আশ্রয়হীন হয়ে পড়ছে। পাউবো, রংপুরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, তিস্তার পানি বেড়ে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে। বাঁধ সংস্কারে এ বছর এখনো কোনো কাজ করার সিদ্ধান্ত হয়নি।