‘নদী সউগ শ্যাষ করছে’
‘ভিক্ষা না করি কী করং বা। নদী সউগ শ্যাষ করছে (ভিক্ষা না করে কী করি। নদী জায়গাজমি ভেঙে নিয়েছে)।’ বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা শহরে ভিক্ষা করার সময় এ কথাগুলো বলেন কছিরন বেওয়া (৫৪)। তাঁর বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার কদমতলা গ্রামে। শুধু কছিরন বেওয়াই নয়, ধরলা নদীর ভাঙনে কয়েক হাজার মানুষ বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। পেটের তাগিদে তারা এখন ভিক্ষা করে। গত কয়েক বছরে ধরলা নদীর তীরে সদর উপজেলার বিভিন্ন স্থানে তীব্র ভাঙন দেখা দেয়। বেশ কিছু স্থানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যানিয়ন্ত্রণ বাঁধও বিলীন হয়ে গেছে। এ বছর বৃষ্টি শুরু হওয়ার পর নতুন করে নদী ভাঙছে। সরেজমিনে কদমতলা গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামটির নওয়াবশ এলাকার একটি জায়গায় বৃষ্টি শুরু হওয়ার পর নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত বছর এ স্থানে পাউবোর তীর রক্ষা বাঁধের এক কিলোমিটার এলাকা ভেঙে যায়। ভাঙন অব্যাহত থাকলে গ্রামটি প্লাবিত হবে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছে। পাউবো ইতিমধ্যে ভেঙে যাওয়া স্থান দিয়ে পানি আসা বন্ধ করতে ৩০ লাখ টাকা ব্যয়ে তিন কিলোমিটারে রিং বাঁধ তৈরি করছে। ভাঙনকবলিত এলাকার মুদি দোকানদার আমজাদ হোসেন বলেন, ‘আমার বাড়িটা এক সপ্তাহের মধ্যে সরাতে হবে। কোথায় যাব ভেবে কুল পাচ্ছি না।’ একই এলাকার সামছুল ইসলাম জানান, কয়েক বছর থাকি ধরলা সেতুর পূর্ব পাড় থেকে চৌধুরীপাড়া, কদমতলা, নওয়াবশ এলাকা ভাঙছে। এতে ৫০০ পরিবার নিঃস্ব হয়ে গেছে। মন্ত্রী-এমপিরা আসি দেখে গেল, কোনো ব্যবস্থা নেয় নাই। ক্ষতিগ্রস্ত মানুষ বাঁধে আশ্রয় নিয়ে আছে। সেটাও ভেঙে যাচ্ছে।’ধরলা সেতুর পশ্চিম পাড়ের ইংরেজি অক্ষর ‘টি’ আকারের বাঁধের কাছেও ভাঙনের সৃষ্টি হয়েছে। এই বাঁধ ভেঙে গেলে শহর রক্ষা বাঁধে আঘাত হানবে। বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায়, একশ্রেণীর মানুষ ভাঙন এলাকা থেকে মাটি কেটে ট্রলিতে নিয়ে শহরে বিক্রি করছে। এলাকার সাবেক কমিশনার গোলাম রব্বানী জানান, শুকনো মৌসুমে এই এলাকা থেকে বালু উত্তোলন করায় ভাঙন দেখা দিয়েছে। এর ঠিক আধা কিলোমিটার পশ্চিমে দ্বিতীয় এবং তৃতীয় ‘টি’ বাঁধের মাঝ বরাবর ভেঙে শহর রক্ষা বাঁধে আঘাত করেছে। পাউবো তড়িঘড়ি করে ঠিকাদার দিয়ে দায়সারাভাবে বাঁশের পাইলিং দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করেছে। কোনো কাজে আসেনি। ভাঙনকবলিত এলাকার পাশে বাঁধে আশ্রয় নেওয়া হোসেন আলী বলেন, ‘দুই বছর আগে এখানে প্রথম ভাঙন দেখা দিলে আমরা সংস্কারের কথা বলি। কেউ শোনেনি। সেই ছোট ভাঙন এখন ভয়াবহ রূপ ধারণ করেছে।’ পাউবো কুড়িগ্রাম কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, ‘আমরা সতর্ক আছি, বন্যার গতি-প্রকৃতি দেখে ব্যবস্থা নেব। ইচ্ছা থাকলেও তহবিলের অভাবে আমরা ভাঙন প্রতিরোধের কাজ করতে পারি না।’