নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘নদী আমাদের মায়ের মতো। নদীকে রক্ষা করতে না পারলে বাংলাদেশকে বাঁচানো যাবে না। নদীকে রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’গতকাল বুধবার ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা বাজারে নদী দখল ও নদীদূষণ রোধকল্পে সচেতনতামূলক প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী এ কথা বলেন। এ সময় মন্ত্রী জিঞ্জিরা বাজার লঞ্চঘাটসংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরে সীমানা পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এ উপলক্ষে গতকাল নৌমন্ত্রী ছাড়াও ভূমিমন্ত্রী রেজাউল করিম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, হুইপ ও নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী, ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ, ঢাকা-৪ আসনের সাংসদ সানজিদা খানম প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে নৌমন্ত্রী বলেন, ‘টেমস নদীর পানিও একসময় নষ্ট হয়ে গিয়েছিল। দীর্ঘ ৪০ বছর কঠোর পরিশ্রমের ফলে তা স্বাভাবিক হয়ে আসে। আমরাও আশাবাদী, অদূর ভবিষ্যতে বুড়িগঙ্গাও তার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাবে।’এ প্রসঙ্গে নৌমন্ত্রী বলেন, বর্তমান সরকার নদী খননের জন্য ১১ হাজার ৪৭৩ কোটি টাকার মহাপরিকল্পনা নিয়েছে। এ ছাড়া ৯৯ কোটি টাকা ব্যয়ে নদীর পাড়ে গাইড বাঁধ ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এর মধ্যে ৩৯ কোটি টাকা ব্যয়ে বুড়িগঙ্গা নদীর তীরে পাঁচ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে।ভূমিমন্ত্রী বলেন, ক্রমান্বয়ে দেশের কৃষিজমির পরিমাণ কমছে। তাই সরকার কৃষিজমি সুরক্ষা আইন প্রণয়ন করতে যাচ্ছে।আইন প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। তাই বুড়িগঙ্গা নদীর সীমানা পিলার স্থাপনের কাজ শুরু করেছে। এতে অবৈধ দখলদার কেউ বুড়িগঙ্গা দখল করতে পারবে না। দখলদার যে-ই হোক না কেন, তাকে প্রতিহত করা হবে। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, নিয়মনীতি উপেক্ষা করে খাল-বিল-নদী ভরাট করে কোনো অবস্থাতেই বাড়িঘর নির্মাণ করতে দেওয়া হবে না। তা যত বড় নেতাই হোক বা ক্ষমতাধর।নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর চারপাশের নদী রক্ষা ও দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে সরকার জাতীয় টাস্কফোর্স গঠন করে। টাস্কফোর্স নদীর সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন ও ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্ত নেয়। টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলায় বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও ধলেশ্বরী নদীর তীরে সীমান্ত পিলার স্থাপন করা হবে। এর মধ্যে ঢাকা জেলার বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদে আট হাজার ৬৭টি সীমানা পিলার স্থাপনে ১৪ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় হবে।