করতোয়া নদী বিপন্ন হওয়ার জন্য দায়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সেই জলকপাটটি এখনো অপসারণ করা হয়নি৷ জলকপাটটি অপসারণ করার জন্য পরিবেশ অধিদপ্তর দীর্ঘদিন থেকে পাউবো ও প্রশাসনকে কয়েক দফায় চিঠি দিয়েছে৷ এতে কোনো কাজ হয়নি৷
এ অবস্থায় করতোয়াকে বাঁচাতে জলকপাটটি (স্লুইসগেট) খুলে দেওয়ার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছে পরিবেশ অধিদপ্তর৷ এদিকে বগুড়ার জেলা প্রশাসনকে করতোয়া নদীর দখলদারদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য দেড় বছর আগে চিঠি পাঠিয়েও সাড়া পায়নি পরিবেশ অধিদপ্তর৷ সরেজমিনে ঘুরে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১১৬ কিলোমিটার করতোয়া নদীতে একসময় সারা বছর নৌকা চলত৷ পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্তমানে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে৷ বিভিন্ন স্থানে নদীর জায়গা বেদখল হয়ে গেছে৷ শিল্প-কারখানার দূষিত বর্জ্য ও ময়লা-আবর্জনা নদীতে পড়ছে৷
কয়েক বছর আগে করতোয়ার এই পরিণতির কারণ হিসেবে পরিবেশ অধিদপ্তর ও নদী বিশেষজ্ঞরা পাউবোর নির্মিত জলকপাটকে দায়ী করেন৷ পাউবো বন্যা নিয়ন্ত্রণের জন্য ১৯৮৯ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটিখালি-সংলগ্ন চকরহিমপুরে জলকপাটটি নির্মাণ করে৷ পরিবেশ অধিদপ্তর বলছে, মূল নদী থেকে পানিপ্রবাহ বন্ধ করেছে এই জলকপাটটি৷
পরিবেশ অধিদপ্তরের বগুড়া বিভাগীয় কার্যালয় থেকে জানা গেছে, করতোয়া নদী বিপন্ন হওয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে পরিবেশ অধিদপ্তরের বিশেষজ্ঞরা দেখতে পান, জলকপাটটির কারণেই করতোয়ার পানিপ্রবাহ বন্ধ রয়েছে৷ জলকপাটটি অপসারণে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে গাইবান্ধা জেলা প্রশাসনকে কয়েক দফায় পরিবেশ অধিদপ্তর থেকে চিঠি পাঠানো হয়৷ সর্বশেষ ২০১৩ সালের ৬ জানুয়াির ও ৩ জুন দুই দফায় চিঠি পাঠানো হয় গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে৷ জলকপাটটি অপসারণের জন্য কয়েক দফায় একই চিঠি পাঠানো হয় পাউবোর বগুড়ার নির্বাহী প্রকৌশলীর কাছেও৷ সর্বশেষ চিঠি পাঠানো হয়েছে ওই বছরের ২৪ জুলাই৷ এর পরও জলকপাটটি অপসারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি৷
পাউবো বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার বলেন, এখন প্রয়োজন না থাকলেও তা অপসারণ করা সম্ভব নয়৷ জলকপাট অপসারণ করলেই নদীর পানিপ্রবাহ স্বাভাবিক হবে—এমন নিশ্চয়তা নেই৷ পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে হলে নদী খনন ও সংস্কার করা প্রয়োজন৷ কিন্তু করতোয়া খননের জন্য পাউবোর আপাতত কোনো পরিকল্পনা নেই৷
পরিবেশ অধিদপ্তরের বগুড়া বিভাগীয় কার্যালয়ের পরিচালক আলী রেজা মজিদ বলেন, ‘প্রবহমান করতোয়ার মৃত্যু হয়েছে কার্যত ওই জলকপাটটির কারণে৷ এটি অপসারণে পাউবো ও প্রশাসন কোনো সাড়া দিচ্ছে না৷ জলকপাটটি অপসারণে অবশেষে চলতি বছরের ১৯ মার্চ পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে৷
করতোয়া নদীর বগুড়ার অংশে দখলদারদের চিহ্নিত করে প্রতিবেদন চেয়ে ২০১৩ সালের ৬ জানুয়াির বগুড়া জেলা প্রশাসনের কাছে একটি চিঠি পাঠিয়েছিল পরিবেশ অধিদপ্তর৷ আলী রেজা মজিদ বলেন, ওই প্রতিবেদন পাঠানোর পর এক বছর পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন৷
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুল আলম বলেন, করতোয়া দখলকারীদের চিহ্নিত ও তালিকা তৈিরর কাজ চলছে৷ তবে এখনো শেষ হয়নি৷