'নদীপথে অপরাধ বন্ধ না হলে কঠোর ব্যবস্থা'
নারায়ণগঞ্জ নৌ–পুলিশ ফাঁড়িতে গতকাল সোমবার নদীপথে নিরাপত্তা–বিষয়ক এক মতবিনিময় সভা হয়েছে। সভায় নৌ–পুলিশ সুপার (পূর্ব বিভাগ) আবদুল মান্নান বলেন, নদীপথে চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাস, শ্রমিক নির্যাতন ও হয়রানি বন্ধ করতে পুলিশ কঠোর পদক্ষেপ নেবে।
আগামী ১ ডিসেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি পূরণ না হলে সারা দেশে নৌযান ধর্মঘটের হুঁশিয়ারি দেন বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা। সংগঠনটি চলন্ত নৌযান থেকে মাঝনদীতে ইজারা ও অন্যান্য নামে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদাবাজি বন্ধ করার দাবি জানান। বাকি দাবিগুলো হলো কয়েকটি নদীর বালুমহালে ইজারাদারদের নিয়মবহির্ভূত টাকা আদায় বন্ধ করা, বালুমহাল এলাকায় নৌযান শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, নৌযান ও শ্রমিকদের সনদ দেখার নামে হয়রানি বন্ধ এবং সরকারের পক্ষ থেকে নৌযানশ্রমিকদের ন্যূনতম মজুরির গেজেট প্রকাশ ও বাস্তবায়ন করা।
প্রধান অতিথি আবদুল মান্নান বলেন, ইজারাদারেরা যা খুশি তাই করতে পারবেন না। আবার বাল্কহেডের মালিক ও শ্রমিকদেরও আইন মানতে হবে। পুলিশ আগামী এক মাস বিদ্যমান সমস্যাগুলো পর্যবেক্ষণ করবে। এরপরও নদীপথে চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাস, শ্রমিক নির্যাতন ও হয়রানি বন্ধ না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সভায় বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার নদীপথে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। এদিকে ইজারাদারদের পক্ষে নান্নু মিয়া বলেন, তাঁরা সরকারকে কোটি টাকার রাজস্ব দিয়ে চর ইজারা নিয়েছেন। কিন্তু কিছু লোক সরকারের অনুমতি ছাড়াই চর কাটছে। তারা কম দরে বাল্কহেডের শ্রমিকদের কাছে তা বিক্রি করছে। এতে করে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর জের ধরে মাঝেমধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। অবৈধভাবে চর কাটা ও রাতের বেলায় বাল্কহেড বন্ধ
থাকলে এ ধরনের ঘটনা আর ঘটবে না।
সভায় আরও উপস্থিত ছিলেন নৌ–পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাতেম, বিআইডব্লিউটিএর নৌ-নিট্রা বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান খান, নারায়ণগঞ্জ সদর ও মুন্সিগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপাররা, মুন্সিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) প্রমুখ।